ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী খেলায় মুম্বাই ইন্ডিয়ান্স ৯ রানে হেরেছে লায়ন্সের কাছে।
প্রথমে ব্যাট করে জেডি বানডিয়ার ও এনডি ম্যাকেঞ্জির অর্ধ-শতকের সুবাদে দক্ষিণ আফ্রিকার দল লায়ন্স ১৮৬ রান করে, পাঁচ উইকেটে।
জেতার জন্য ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতীয় দল মুম্বাইয়ের ইনিংস থেমে যায় ৬ উইকেটে ১৭৭ রানে। যদিও অধিনায়ক শচীন টেন্ডুলকার ৪২ বলে ৬৯ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন।
জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুক্রবার রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে টেন্ডুলকার ও শেখর ধাওয়ান দশ ওভার পুরো হওয়ার আগেই ৮৩ রান করেন। তখনই জমজমাট একটা লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। ধাওয়ান ৩০ বলে ৩২ রান করে বিদায় নিলেও রান তোলার গতি কমেনি।
কিন্তু দলীয় ১৩১ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেন্ডুলকার সাজঘরে ফিরে গেলে পথ হারিয়ে ফেলে মুম্বাইয়ের ইনিংস। টেন্ডুলকার তার ৬৯ রানের ইনিংসটি সাজান ৯টি চার দিয়ে।
জাঁ পল ডুমিনি ২৩ বলে ৩০, কিয়েরন পোলার্ড ৯ বলে ১৯, রাজাগোপাল সতিশ ৬ বলে ১০ রান করেও পথে ফিরিয়ে আনতে পারেননি মুম্বাইয়ের ইনিংসকে।
লায়ন্সের বোলারদের মধ্যে এস বার্গার দুই উইকেট নেন, ৩৩ রানে।
এর আগে টস জিতে লায়ন্সকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। শুরুতেই লায়ন্সের দুই উদ্বোধনী ব্যাটসম্যান চড়াও হন মুম্বাইয়ের বোলারদের ওপর। মাত্র ৩ ওভার ৩ বলে ২৪ রান তোলার পর রান-আউট হয়ে সাজঘরে ফিরে যান অধিনায়ক এএন পিটারসেন (১২)। ৩৮ রানের মাথায় আর ক্যামেরোন (৯) বিদায় নিলেও রান তোলার গতি কমেনি।
বিশেষ করে, উদ্বোধনী ব্যাটসম্যান জেডি বানডিয়ার খেলে যেতে থাকেন মারমুখী ভঙ্গিতে। দলের পক্ষে সব চেয়ে বেশি ৭১ রানও করেন তিনি। তার ৪৮ বলের ইনিংসে দড়ির ওপারে বল পাঠিয়েছেন চারবার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে তিনবার।
মাঠে নেমেই ঝড় তোলেন এনডি ম্যাকেঞ্জি। ৫৬ রানের হার না মানা একটি ইনিংস খেলেন। তিনি তার ৩০ বলের ইনিংসটি সাজান ৭টি চার ও একটি ছক্কা দিয়ে।
এছাড়া আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি।
মুম্বাইয়ের বোলারদের মধ্যে শ্রীলঙ্কার জাতীয় দলের পেসার লাসিথ মালিঙ্গা তিন উইকেট নেন, ৩৩ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০১৩২ ঘ.
bdnews24