ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ২৪ রানে হার মেনেছে ইংল্যান্ডের কাছে। জেতার জন্য ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে নির্ধারিত ৪১ ওভারে তাদের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ২৫০ রানে। যদিও অর্ধ-শতক হাঁকান কামরান আকমল।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড স্টিভ ডেভিস ও জোনাথন ট্রটের অর্ধ-শতকের ওপর ভর করে রান তোলে ২৭৪, ছয় উইকেটে।
মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি হয়। তাই ৫০ ওভারের বদলে খেলা হয় ৪১ ওভারের। আগের রাতে প্রবল বৃষ্টি হয় সেখানে।
চেস্টার লি স্ট্রিটে শুক্রবার প্রথম একদিনের খেলায় কখনই পাল্লা দিয়ে জয়ের লক্ষ্য তাড়া করতে পারেনি পাকিস্তান। যদিও শুরুটা করেছিল বেশ আস্থার সঙ্গে। ৬২ রানের মাথায় মোহাম্মদ হাফিজ (৩০) ও ৮২ রানের মাথায় মোহাম্মদ ইউসুফের (৮) উইকেট হারানোর পর ওভার প্রতি রান তোলার হার কমে যায়।
কিন্তু কামরান আকমল ৬১ বলে ৫৩, ফাওয়াদ আলম ৩৯ বলে ৩৯, উমর আকমল ৩৩ বলে ৪৩, আসাদ শফিক ১০ বলে ১৯ ও উমর গুল ১২ বলে ১৮ করলে রান তোলার হার বেড়ে যায়। তবে জয়ের জন্য তা পর্যাপ্ত ছিল না।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন, টিম ব্রেসন্যান, গ্রায়েম সোয়ান ও মাইকেল ইয়ার্ডি। এজন্য অ্যান্ডারসন খরচ করেন ৩৫ রান। ব্রেসন্যান দেন ৬১, সোয়ান ৫০ ও ইয়ার্ডি ৪৯ রান দেন।
এর আগে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেন ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও ডেভিস। গড়ে দেন বড় রানের ভিত্তি।
দলীয় ৭৮ রানের মাথায় সাজঘরে ফিরে যান স্ট্রাউস। ৪১ রান করেন তিনি ৪৫ বলে। চার মেরেছেন তিনটি, ছক্কা দু'টি।
তবে পাকিস্তানি বোলারদের ওপর রীতিমতো চড়াও হন ডেভিস। মাত্র ৬৭ বলে রান করেন ৮৭। তিনি তার ইনিংসটি সাজান ১৩টি চার দিয়ে। আর ৫০ রানে পৌঁছান ৩৭ বলে, ৮টি চারের সাহায্যে।
দলীয় ২৫৩ রানের মাথায় সাঈদ আজমলের বলে সরাসরি বোল্ড হওয়ার আগে জোনাথন ট্রট করেন ৬৯। তিনি তার ৭৮ বলের ইনিংসে দড়ির ওপারে বল পাঠান চারবার।
এছাড়া ২৭ বলে ৩৫ রানের একটি হার না মানা ইনিংস খেলেন রবি বোপারা। চার না মারলেও হাওয়ায় ভাসিয়ে দড়ির ওপারে বল পাঠান তিনবার।
এর আগে ১৭৯ রানের মাথায় পল কলিংউড (১৪) ও ২০৫ রানের মাথায় সাজঘরে ফিরে যান ইয়ন মর্গান (১৩)।
পাকিস্তানি বোলারদের মধ্যে সাঈদ আজমল ৪ উইকেট নেন, ৫৮ রানে। এছাড়া অধিনায়ক শহিদ আফ্রিদি ৫২ রানে নেন এক উইকেট।
পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি জিতে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে গেল।
দ্বিতীয় খেলাটি হবে ১২ সেপ্টেম্বর, লিডসে। শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/০০২৯ ঘ.
bdnews24