২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় সব ম্যাচ পাতানোর খবর উড়িয়ে দিলেন হামিদ

পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান ইয়াসির হামিদ সতীর্থদের তীব্র সমালোচনা করেছেন বলে ব্রিটেনের একটি পত্রিকা দাবি করে বলেছে, তিনি জানিয়েছেন প্রায় সব ম্যাচেই পাতাতেন তারা। তবে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের এই খবর হামিদ স্রেফ উড়িয়ে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 10:18 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান ইয়াসির হামিদ সতীর্থদের তীব্র সমালোচনা করেছেন বলে ব্রিটেনের একটি পত্রিকা দাবি করে বলেছে, তিনি জানিয়েছেন প্রায় সব ম্যাচেই পাতাতেন তারা। তবে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের এই খবর হামিদ স্রেফ উড়িয়ে দিয়েছেন। নিউজ অব দ্য ওয়ার্ল্ডে প্রকাশিত খবরে বলা হয়, হামিদ বলেছেন যে তার সতীর্থরা প্রায় সব ম্যাচই পাতানো খেলা খেলে আসছেন। কেবল মাত্র ধরা পড়লেই কলঙ্কের দাগ পড়ে তাদের নামে। ব্যবস্থা নেয়া হয় তাদের বিরুদ্ধে। "এতে ক্ষোভ দেখা দেয় আমার মনে। কেননা আমি নিজেকে উজাড় করে দিয়ে খেলি। আর তারা পায়তারা করে হারার," অভিযোগ করেন হামিদ। ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্ট সিরিজের দু'টি ম্যাচে খেলেছেন তিনি। একটি ম্যাচ পাতাতে সহায়তা করার জন্য জুয়ারিরা তাকেও দেড় লাখ পাউন্ড দিতে চেয়েছিল। কিন্তু তিনি প্রস্তাব ফিরিয়ে দেন বলে জানায় করে পত্রিকাটি। কিন্তু প্রত্রিকার এই খবরটি স্রেফ উড়িয়ে দেন হামিদ। এ ব্যাপারে ক্রিকইনফোর পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পত্রিকাটির সঙ্গে কথা বলার কথা সরাসরি নাকচ করে দেন। বলেন, নিউজ অব দ্য ওয়ার্ল্ড'র সঙ্গে তিনি কখনোই কথা বলেননি। "এছাড়া এ ধরনের কোনো মন্তব্যই করিনি আমি।" খেলার দিকেই তিনি সব সময় পুরো মনোযোগ দিয়ে থাকেন বলে জানান। পাকিস্তানি খেলোয়াড়দের ম্যাচ পাতানো নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তদন্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ম্যাচ পাতাতে সাহায্য করার জন্য তাকে অর্থ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল কি না, সে ব্যাপারে তারা কোনো কিছুই জানেন না। পাকিস্তান ক্রিকেট দলের ব্যবস্থাপক ইয়াওয়ার সাঈদ জানান, তিনিও এ বিষয়ে কোনো কিছু জানেন না। এছাড়া টেস্ট সিরিজ শেষে দল ত্যাগ করেছেন হামিদ। তবে বোঝাই যাচ্ছে যে তিনি এখনো ইংল্যান্ডেই আছেন। আগামী দু'দিনের মধ্যে তার দেশে ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩৪ ঘ.