ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লর্ডসে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ পাতানো নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন শচীন টেন্ডুলকার। বললেন, অভিযোগ নিয়ে আগাগোড়া তদন্ত হওয়া উচিত। কেউ দোষী প্রমাণিত হলে তাকে শাস্তি দিতেই হবে।
'স্পট ফিক্সিংয়ের' অভিযোগে পাকিস্তানের অধিনায়ক সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ওই তিন ক্রিকেটারকে ইংল্যান্ডের বিপক্ষে ২০ ওভার ও একদিনের দল থেকে প্রত্যাহার করে নিয়েছে। পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে দু'টি ২০ ওভার ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজ হওয়ার কথা। প্রথম একদিনের খেলাটি হওয়ার কথা টেস্টার লি স্ট্রিটে, ১০ সেপ্টেম্বর।
বাট, আসিফ ও আমির অবশ্য নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন।
সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন শচীন বলেন, "কোনো ভারতীয় ক্রিকেটারকে কোন জুয়ারির ম্যাচ পাতানোর প্রস্তাব দেয়ার কথা তিনি তার ২১ বছরের ক্রিকেট-জীবনে শোনেননি।"
শচীনের বিরুদ্ধে কখনোই ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠেনি। তবে ২০০০ সালে তিন টেস্ট অধিনায়কের নাম উঠেছিল। তারা হলেন দক্ষিণ আফ্রিকার প্রয়াত অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে, মোহাম্মদ আজহারউদ্দিন ও সেলিম মালিক। তিনজনকেই আজীবন নিষিদ্ধ করেছিল তাদের দেশের বোর্ড।
অভিযুক্ত বাট, আসিফ ও আমিরকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি অংশ থেকে প্রত্যাহার করে নেয়াকে সমর্থন করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আসিফ ইকবাল। তিনি বলেন, চাপ কিংবা যে কারণেই হোক না কেন এই মুহূর্তে খেলার মতো মানসিক অবস্থায় নেই এই তিন ক্রিকেটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭১৪ ঘ.
bdnews24