ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ পাতানোর অভিযোগে পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে সংস্থার এক বিবৃতিতে বলা হয়।
ম্যাচ পতানোর জন্য সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডকে পাশ কাটিয়ে এই প্রথম আইসিসি এ ধরনের ব্যবস্থা নিল। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত শুক্রবার এক বিবৃতিতে বলেন, তাদের দুর্নীতি দমন আইনের ভিত্তিতে অভিযুক্ত তিন ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো।
অভিযুক্তদের বিরুদ্ধে ক্রিকেট-চেতনাবিরোধী কর্মকাণ্ডেরও অভিযোগ আনা হয়েছে। অভিযোগের জবাব দেয়ার জন্য ক্রিকেটারদের ১৪ দিন সময় দেয়া হয়েছে।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, বাট, আসিফ এবং আমিরকে তাদের অনুরোধেই ইংল্যান্ডের বিপক্ষে ২০ ওভার ও একদিনের দল থেকে বাদ দেয়া হয়েছে। কারণ গত কয়েকদিনের ঘটনায় তারা মানসিকভাবে বিপর্যস্ত।
এদিকে লন্ডনে পাকিস্তানি হাইকমিশনার ওয়াজিদ শামসুল হাসান জানান, তিন ক্রিকেটারই নিজেদের নির্দোষ দাবি করেছে। তাদের আইনি সহায়তা দেয়ারও প্রতিশ্র"তি দেন তিনি। তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়ে হাইকমিশনার বলেন, এ ধরনের শাস্তি দেয়ার এখতিয়ার আইসিসির নেই।
তিনি বলেন, বিতর্ক যাতে আর না ছড়িয়ে পড়ে সেজন্য তিন ক্রিকেটার নিজেরাই ইংল্যান্ড সফরে আর খেলবেন না বলে জানিয়েছেন। তারা এখন লড়বেন নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য।
শামসুল হাসান আইসিসির সমালোচনা করে বলেন, খেলোয়াড়রা নির্দোষ প্রমাণিত হলে তাদের মানহানির দায়-দায়িত্ব নেবে কে?
অন্যদিকে বিষয়টি এখন আর পিসিবির হাতে নেই। মোড় নিয়েছে অন্যদিকে। সরকার বোর্ড কর্মকর্তাদের জানিয়ে দিয়েছে, তারা যেন আগ বাড়িয়ে কোনো কথা না বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৬০১ ঘ.
bdnews24