ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে টেস্ট অধিনায়ক সালমান বাট, দুই ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে ইংল্যান্ডের বিপক্ষে দু'টি টি-টোয়েন্টি এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে বাদ দিল পাকিস্তান।
বৃহস্পতিবার লন্ডনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইংল্যান্ডে পাকিস্তানের হাইকমিশনার ওয়াজিদ শামসুল হাসান।
তবে তিনি বলেন যেহেতু অভিযোগের তদন্ত চলছে, তাই সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত তারা নির্দোষ বলেই বিবেচিত হবেন। একই কারণে তাদের নিষিদ্ধ করারও কোনো প্রশ্ন নেই।
এর আগে লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ক্রিকেট বোর্ডের প্রধান ইজাজ বাট এবং ওয়াজিদ শামসুল হাসানের সঙ্গে দেখা করেন ওই তিন ক্রিকেটার। আলাপ করেন দীর্ঘক্ষণ। তারপরেই জানানো হয় এই সিদ্ধান্ত।
তবে বাট, আসিফ এবং আমিরকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেয়া হয়নি।
ওয়াজিদ বলেন, "গত এক সপ্তাহ ধরে যা ঘটে চলেছে তাতে ওরা তিনজনই ভীষণ হতাশ। মানসিকভাবে বিপর্যস্ত। বিশেষ করে ওদের নাম ম্যাচ গড়াপেটায় জড়িয়ে যাওয়ায়।"
তিনি বলেন, "তিনজনেই নিজেদের সম্পূর্ণ নির্দোষ বলে দাবী করেছে। নিজেদের নির্দোষিতা প্রমাণেও তারা রাজি।'' তাহলে কেন তাদের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ থেকে বাদ দেয়া হল তা জানতে চাইলে ওয়াজিদ বলেন, ''এমন মানসিক অত্যাচারে ওরা বিহ্বল হয়ে পড়েছে। খেলার মতো মানসিকতা ওদের নেই। তাই ওরা নিজেরাই পিসিবির কাছে অনুরোধ করে ওদের বাদ দেয়ার জন্য। যতদিন না ওরা নির্দোষ প্রমাণ হয়।"
পাকিস্তান হাইকমিশনার জানান, অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য আত্মপক্ষ সমর্থনে ওই তিন ক্রিকেটার আইনজীবীর সহায়তা পাবেন। এ ব্যাপারে পিসিবিই তাদেরকে সাহায্য করবে বলে জানিয়েছেন ওয়াজিদ।
এই তিন ক্রিকেটার টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়ায় পাকিস্তান দলে খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জন। ম্যানেজার ইয়ার সাঈদ জানিয়েছেন ওয়ানডে সিরিজের আগেই তারা বিকল্প খেলোয়াড় পাঠানোর জন্য পিসিবিকে অনুরোধ জানাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৯১৮ ঘ.
bdnews24