২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহানুভুতিও পাচ্ছেন আমির

অপমানকর কথাবার্তার পাশাপাশি কিছুটা হলেও সহানুভুতি পাচ্ছেন মোহাম্মদ আমির। লর্ডস টেস্টে ম্যাচ পাতানোর সঙ্গে তিনি জড়িয়ে পড়ায় রীতিমতো অবাক হয়েছেন ক্রিকেটপ্রেমী ও বোদ্ধারা। তার প্রতি সহানুুভুতি জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা এবং অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জিওফ লসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 12:10 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অপমানকর কথাবার্তার পাশাপাশি কিছুটা হলেও সহানুভুতি পাচ্ছেন মোহাম্মদ আমির। লর্ডস টেস্টে ম্যাচ পাতানোর সঙ্গে তিনি জড়িয়ে পড়ায় রীতিমতো অবাক হয়েছেন ক্রিকেটপ্রেমী ও বোদ্ধারা। তার প্রতি সহানুুভুতি জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা এবং অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জিওফ লসন। মাত্র ১৮ বছর বয়সী এই বাঁ-হাতি পেসারকে পাকিস্তানের আগামীদিনের 'ওয়াসিম আকরাম' বলে অভিহিত করে আসছেন সাবেক ক্রিকেটাররা। রমিজ বলেন, ''আমির যদি এমনটা করেও থাকে, তারপরও দোষটা ওর চেয়ে এ কাজ করতে যে তাকে প্রলুব্ধ করেছে, তার। কারণ ১৮ বছর বয়সী এক তরুণের সামনে অর্থসহ আরো অনেক কিছুর টোপ তো থাকেই। তাই মাথা ঠিক রেখে এগুলো সামাল দেয়া খুব কঠিন। তখন দরকার ছিল আমিরকে সঠিক দিক-নির্দেশনা দেয়া। কিন্তু সেরকম কেউই পাকিস্তান দলে ছিলেন না।'' আমিরের পক্ষে সহানুভুতি জানাতে গিয়ে তিনি বলেন, ''আমির একটি সাধারণ পরিবার থেকে এসেছেন। এরপর হঠাৎ করেই পড়ে গেছেন ক্রিকেটের গ্ল্যামারের জগতে, যেখানে খারাপ লোকের অভাব নেই। এমন একটি চক্রই তাকে বিপথে নিয়ে যেতে পারে। তাই দোষটা ওই চক্রের। তবে ভুল থেকেই তো মানুষ শেখে।'' পাকিস্তান দলের সাবেক কোচ লসন বলেন, ''আমিরের জড়িত থাকার কথা শুনে দুঃখ যেমন পেয়েছি, অবাকও হয়েছি ঠিক তেমনি। এমন প্রতিভা সচরাচর দেখা যায় না। তবে পাকিস্তানের আর্থ-সামাজিক অবস্থার কথাও মনে রাখতে হবে। তাহলেই বোঝা যাবে অর্থের টোপ এড়ানো তাদের পক্ষে কঠিন।'' লসন ২০০৭ সালের জুলাই থেকে ২০০৮ এর অক্টোবর পর্যন্ত পাকিস্তান দলের কোচের দায়িত্ব পালন করেন। তিনি বলেন, ''আমিরকে আমি যখন প্রথম দেখি তখন তার বয়স ১৬। অনুর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে যোগ দিতে সোয়াত থেকে এসেছিলেন। তিন ঘন্টা দেরি করে ক্যাম্পে পৌঁছেছিলেন তিনি। কারণ তালেবান জঙ্গিরা পথ আটকে রেখেছিল।'' আমিরকে ক্রিকেটের মূল্যবান সম্পদ বলেই অভিহিত করেন লসন। তিনি বলেন ''পাতানো ম্যাচ কখনোই মেনে নেয়া উচিত নয়। তাই দোষীদের কঠিন শাস্তি দিতে হবে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭৫৫ ঘ.