ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাতানো ম্যাচের অভিযোগ ওঠা লর্ডস টেস্টে ইনিংস ও ২২৫ রানে জিতেছে ইংল্যান্ড। খেলার চতুর্থদিন রোববার মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় পালা।
ফলে চার টেস্টের সিরিজ ৩-১ এ জিতে নিল অ্যান্ড্রু স্ট্রাউসের ইংল্যান্ড।
প্রথম পালায় মাত্র ৭৪ রানে শেষ হয়ে যাওয়ার পর ফলো-অনে পড়ে পাকিস্তান। দ্বিতীয়বারও নিজেদের ফিরে পায়নি সফরকারীরা।
বলতে গেলে, একাই লড়ে গেছেন উমর আকমল। খেলেছেন ৭৯ রানের ঝলমলে হার না মানা এক ইনিংস। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। কমেছে শুধু হারের ব্যবধান।
ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান নিয়েছেন পাঁচ উইকেট। দুই উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন।
সিরিজের এই চতুর্থ ও শেষ টেস্টে জোনাথন ট্রট এবং স্টুয়ার্ট ব্রডের রেকর্ড ব্যাটিংয়ের সুবাদে প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ৪৪৬ রান। সেই রানের নিচেই মূলত চাপা পড়ে পাকিস্তান।
ইংল্যান্ডের প্রথম পালায় অষ্টম উইকেটে ৩৩২ রান করে বিশ্বরেকর্ড করেন ট্রট ও ব্রড। তারা ভেঙে দেন পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং সাকলাইন মুশতাকের রেকর্ড। ১৯৯৬ সালে শেখুপুরায় জিম্বাবুয়ের বিপক্ষে আকরাম এবং সাকলাইন অষ্টম উইকেট জুটিতে ৩১৩ রান করেছিলেন।
এদিকে আবারো পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠছে। লর্ডস টেস্টের তৃতীয়দিন শেষে শনিবার এই অভিযোগ ওঠে। সন্দেহ করা হচ্ছে অধিনায়ক সালমান বাট, দুই পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল জড়িত রয়েছেন ম্যাচ পাতানোর সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮৪৪ ঘ.
bdnews24