ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোচ, অধিনায়ক এবং নির্বাচক কোন্দল ফের মাথাচাড়া দিয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেটে। ইংল্যান্ড সফররত পাকিস্তান ওয়ানডে এবং টি টোয়েন্টি দলে শোয়েব মালিককে জায়গা না দেয়ায় একই সঙ্গে বিস্মিত এবং ক্ষুদ্ধ কোচ ওয়াকার ইউনিস। তার মতে মালিককে অযৌক্তিকভাবে বাদ দেয়া হয়েছে।
ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদি এবং প্রধান নির্বাচক মোহসিন খানের সঙ্গে আবারো ঝামেলায় জড়িয়ে পড়েছেন ওয়াকার। শুধু মালিকই নয়, ওয়ানডে এবং টি টোয়েন্টি দলে তরুন ও উদীয়মান ব্যাটসম্যান উমর আমিনের বাদ পড়াটাও মানতে পারেননি সাবেক এই ফাস্ট বোলার।
মালিক এবং আমিন দুজনেই ইংল্যান্ডে চলতি টেস্ট সিরিজে খেলেছেন।
ওয়ানডে এবং টি টোয়েন্টি দল নিয়ে আফ্রিদি এবং মোহসিনের সঙ্গে টেলিফোনে আলোচনা হয়েছিল ওয়াকারের। তাতেই মালিক এবং আমিনের ব্যাপারে নির্বাচক এবং অধিনায়কের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন তিনি। তার মতে অভিজ্ঞতার জন্য মালিককে অবশ্যই ওই দুটি দলে দরকার ছিল।
ওয়াকারের মতে মালিকের একটি বাজে সময় যাচ্ছে। কিন্তু ফর্মে তিনি ফিরবেনই। আর আমিনের ব্যাপারে তার ধারনা, অত্যন্ত প্রতিভাবান ব্যাটসম্যান এ তরুন। তার আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই তাকে দলে রাখা উচিত ছিল।
আফ্রিদি বলেছেন তিনি বিশ^কাপ ২০১১ এর জন্যই এখন থেকে চুড়ান্ত প্রস্তুতি নিতে চান। তাই সেরা খেলোয়াড়দেরই খেলাতে চান বিশ^কাপের আগে সব ম্যাচে। পরীক্ষা-নিরীক্ষার কোনো সুযোগ এখন নেই। তার সঙ্গে সহমত প্রকাশ করেন মোহসিনও।
মালিকের বাদ পড়ায় বোর্ডের সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার মুদাসসার নজরও। তারও মতে মালিককে বাদ দেয়া ঠিক হয়নি। পাশাপাশি তিনি বলেছেন মোহাম্মদ হাফিজকে কেন দলে নেয়া হয়েছে সেটা তিনি বুঝে উঠতে পারছেন না।
টেস্ট সিরিজ শেষে পাকিস্তান এবং ইংল্যান্ড দুটি টি টোয়েন্টি এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে। সে জন্যই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/১৮০৫ঘ.
bdnews24