ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রায়েম স্মিথ দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার পর নতুন অধিনায়ক হয়েছেন জোহান বোথা। এই অফস্পিনার এখন ২০১১ বিশ্বকাপের পর প্রোটিয়াস ওয়ানডে দলেরও নেতৃত্ব চান।
স্মিথ জানিয়েছেন তিনি বিশ্বকাপ ক্রিকেটের পর ওয়ানডে দলের অধিনায়কত্বও ছেড়ে দেবেন।
বোথা বলেন ''বিশ্বকাপের আগে নিজের নেতৃত্বের যোগ্যতা প্রমাণের জন্য আমি তিনটি টি টোয়েন্টি টুর্নামেন্ট পাচ্ছি। যদি সব ঠিকঠাক মতো চলে তাহলে স্মিথের পরে ওয়ানডেরও অধিনায়ক হতে চাই। এটাও হবে আমার আরেকটা চ্যালেঞ্জ। কারণ নেতা হিসেবে স্মিথের তুলনা হয় না।''
২৮ বছর বয়সী বোথা গত বছর স্মিথের চোটের জন্য অস্ট্রেলিয়া সফরে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দলের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সিরিজ জিতেছিলেন তিনি। সেই সাফল্যের প্রসঙ্গ টেনে বোথা বলেন ''আমি ঠিক ওইভাবেই ওয়ানডে দলের নেতৃত্ব দিতে চাই।''
এখন পর্যন্ত বোথা দক্ষিণ আফ্রিকাকে ৮টি ওয়ানডে এবং পাঁচটি টি টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। তবে দলে দীর্ঘ মেয়াদে স্থায়ী জায়গা করে নিতে লড়তে হচ্ছে এই অফস্পিনারকে। মাঝে বোথা দুইবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য আইসিসি কর্তৃক নিষিদ্ধ হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/১৯৪৫ ঘ.
bdnews24