ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেয়া এক বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফাস্ট বোলার রানা নাভেদ-উল-হাসানের করা আপিলের আবেদনের শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।
অবসরপ্রাপ্ত বিচারপতি ইরফান কাদিরের আদালত এ আদেশ দেয়।
নাভেদ বলেছেন, "শুনানির আগে আমি পিসিবির চেয়ারম্যান ইজাজ বাটের সাথে দেখা করতে চেয়েছিলাম। তিনি ৭ সেপ্টেম্বর আমাকে সময় দিয়েছেন।'' সে কারণেই আদালত তাকে সময় দিয়েছে।
একটি ক্রিকেট ওয়েবসাইটকে নাভেদ জানিয়েছেন, "শুনানি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আমি আশা করি এমন কিছু ঘটবে যাতে আমি আবার পাকিস্তানের হয়ে খেলতে পারি।"
অস্ট্রেলিয়া সফরের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড যে সাতজন খেলোয়াড়কে শাস্তি দিয়েছিলেন তাদের মধ্যে একমাত্র নাভেদের শাস্তিই বলবৎ আছে। নাভেদ ছাড়া অন্য সব খেলোয়াড়ই বোর্ডের সাথে দেখা করেছে এবং তাদের নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। তাদের জরিমানাও বাতিল বা কমানো হয়েছে।
শোয়েব মালিক ও মোহাম্মদ ইউসুফকেও নিষিদ্ধ করা হয়েছিল। যদিও তারা দু'জনই দলের হয়ে এখন ইংল্যান্ডে খেলছেন।
নাভেদকে এক বছরের জন্য নিষিদ্ধ ও দুই মিলিয়ন রুপি জরিমানা করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/১৯৪১ ঘ.
bdnews24