ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার ডাম্বুলায় ত্রিদেশীয় ক্রিকেটে শ্রীলঙ্কা-ভারত গুরুত্বপূর্ণ খেলা। যদি শ্রীলঙ্কা বোনাস পয়েন্টসহ জেতে তাহলে তাদের ফাইনাল খেলা নিশ্চিত হবে। কারণ বোনাস পয়েন্টসহ ১১ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থান নিশ্চিত হবে স্বাগতিকদের।
তিন দলের সামনেই ফাইনালে ওঠার পথ খোলা। শুক্রবার তিনজাতি সিরিজে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের ম্যাচটি অতিরিক্ত দিনেও বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় উভয় দল দুই করে পয়েন্ট পায়। ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত।
ভারত যদি রোববার বোনাস পয়েন্টসহ জেতে তাহলে তারাও চলে যাবে ফাইনালে। সেক্ষেত্রে স্বাগতিকদের বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। কারণ শেষ ম্যাচে নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারেও, লঙ্কানদের চেয়ে তাদের এক পয়েন্ট বেশি থাকছেই।
এমন খেলায় আরো একটা আকর্ষণ সবাইকে টানছে। আর সেটি হলো ফের মুখোমুখি হতে যাচ্ছেন বীরেন্দর শেবাগ এবং শ্রীলঙ্কান অফ-স্পিনার সুরাজ রনদিভ। লিগ পর্বের ম্যাচে শেবাগকে করা রনদিভের নো বল নিয়ে অনেক নাটক হয়েছে।
ভারত ম্যাচ জিতলেও শতরান পাননি শেবাগ। কারণ রনদিভ ইচ্ছাকৃতভাবে নো বল করেছিলেন। তাতেই ম্যাচ জেতে ভারত। সেই বলে শেবাগের ছক্কা যোগ হয়নি তার রানে। ফলে তিনি ৯৯ রানেই অপরাজিত থাকেন।
এই ঘটনা দু'দেশের ক্রিকেট সম্পর্কে তিক্ততাই তৈরি হয়। তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এক ম্যাচ নিষিদ্ধ করে রনদিভকে। কেটে নেয় তার ম্যাচ ফিও। আর রনদিভকে নো বল করতে পরামর্শ দেয়া দিলশানকে সতর্ক করে তার ম্যাচ ফিও কেটে নেয়া হয়।
রনদিভ অবশ্য ম্যাচ শেষে শেবাগের কাছে ক্ষমা চেয়ে নেন। ঘটনাটি এখানেই শেষ হয়ে গেলেও তার রেশ মিলিয়ে যায়নি। রোববার আবার মুখোমুখি হতে পারেন শেবাগ ও রনদিভ। যদি না শুরুতেই শেবাগ আউট হয়ে যান।
পুরো পাঁচদিন বিশ্রাম পেয়ে আজ মাঠে নামছে ভারত। আর টানা তৃতীয় দিন খেলতে নামছে শ্রীলঙ্কা। বৃষ্টি না হলে পিচ ব্যাটিং উপযোগী থাকবে বলেই জানা গেছে। কাজেই টসে জেতা দল যে আবারো প্রথমে ব্যাটিং নেবে তা নিশ্চিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এনআই/১৯০০ ঘ.
bdnews24