ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাশেজ শুরুর আগে বেশ জমে উঠেছে কথার যুদ্ধ। এবার অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংকে পাল্টা জবাব দিলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। তিনি বললেন, ''অ্যাশেজে ইংল্যান্ডকে ৫-০ ম্যাচে হোয়াইটওয়াশ করার রিকি পন্টিংয়ের তথাকথিত হুমকি কথার কথা ছাড়া আর কিছুই নয়। এটাকে এক ধরনের প্রলাপও বলা যায়।''
দিনকয়েক আগে পন্টিং এক সাক্ষাতকারে বলেছিলেন দেশের মাটিতে ইংল্যান্ডকে অ্যাশেজে হোয়াইটওয়াশ করতে না পারার কোনো কারণ দেখছেন না তিনি। তারই জবাবে স্ট্রাউস বলেন ''এমন কথা অনেকেই বলতে পারে। দেখুন বাস্তবতা ভিন্ন কথা বলছে। আর এটা সবাই জানেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের গত ম্যাচগুলোর নৈপুণ্যই তো সব বলে দেয়।''
ওয়েস্ট ইন্ডিজে এ বছর অনুষ্ঠিত টি টুয়েন্টি বিশ^কাপে অস্ট্রেলিয়াকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তারপর দেশের মাটিতে অ্যাশেজ এবং ওয়ানডে সিরিজ দুটোই জেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে।
২৫ নভেম্বর ব্রিসবেনে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাশেজের প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ার সর্বশেষ অ্যাশেজে ইংল্যান্ড হোয়াইটওয়াশই হয়েছিল ২০০৬-০৭ মৌসুমে। নিজেদের দেশে জিতেছিলেন সাবেক অধিনায়ক মাইকেল ভন ২০০৫ সালে।
স্ট্রাউস জানিয়ে দিলেন, সেই ইতিহাসের পুনরাবৃত্তি এবার আটকাবেন তিনি। তার কথা ''আমাদের দিক দিয়ে আমরা বলতে পারি অ্যাশেজের জন্য গোটা দল মুখিয়ে রয়েছে। কারণ সবাই আমরা ধরে রাখতে চাই। আমাদের দৃঢ় বিশ^াস এবার আমরা অস্ট্র্রেলিয়া সফরে দুর্দান্ত কিছু করতে পারব।''
এদিকে সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডিন জোন্স মনে করছেন এবারের অ্যাশেজে স্ট্রাউসদের ইংল্যান্ডই ফেভারিট। তিনি বলেন ''ওই মন্তব্য করে সাহসিকতাই দেখিয়েছে রিকি পন্টিং। কারণ এমন দল নিয়ে অস্ট্রেলিয়া যদি ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারে, তাহলে সেটি হবে সর্বকালের সেরা অস্ট্রেলিয়ান নৈপুণ্য। দেখুন, আমাদের বাস্তবের পথে তো হাটতেই হবে। আমার মনে হচ্ছে ইংল্যান্ডই এবার এগিয়ে আছে।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/ ১৭৪১ ঘ.
bdnews24