২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের প্রতিপক্ষ 'পাঞ্জাব'!

ওভালে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামছে পাকিস্তান। এখানে ইতিহাস গড়ার সুযোগ এখন সফরকারীদের সামনে। ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো কেবল একটি প্রদেশ থেকে গড়া জাতীয় দল নামাতে পারে পাকিস্তান। সেটি হচ্ছে পাঞ্জাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 11:35 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওভালে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামছে পাকিস্তান। এখানে ইতিহাস গড়ার সুযোগ এখন সফরকারীদের সামনে। ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো কেবল একটি প্রদেশ থেকে গড়া জাতীয় দল নামাতে পারে পাকিস্তান। সেটি হচ্ছে পাঞ্জাব। পাকিস্তান দলে মোট খেলোয়াড়ের সংখ্যা ১৭। তার মধ্যে পাঞ্জাবের ক্রিকেটার ১৪ জন। তাতে রাজধানী লাহোরেরই আট খেলোয়াড়। যে তিন ক্রিকেটার পাঞ্জাবের নন, তারা হলেন ইতিমধ্যেই ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে পড়া পেসার উমর গুল, এখনো কোনো টেস্টে না খেলা ব্যাটসম্যান ইয়াসির হামিদ এবং পেস বোলার তানভীর আহমেদ। প্রথম দু'জন উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের। তানভীরের জন্ম কুয়েতে। এখন খেলেন করাচির হয়ে। তাইতো যথেস্ট সুযোগ রয়েছে ওভাল টেস্টে 'পাঞ্জাব একাদশ' নামার। এটি নিয়ে পাকিস্তানেই কিছুদিন ধরে সমালোচনা চলছে। তবে তা উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচক মহসিন খান। এসব নিয়ে ভাবার সময় নেই অধিনায়ক সালমান বাটের। চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকায় পাকিস্তান এখন সিরিজে ফেরার কঠিনতম মিশনের মুখোমুখি। দুই টেস্টেই দলের তরুণ ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ হয়ে যায়। তাই দেশ থেকে জরুরী ভিত্তিতে উড়িয়ে আনা হয়েছে অভিমান করে অবসর নেয়া অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকে। তারপরও সেরা শক্তিতে নামতে পারছে না সফরকারীরা। যদিও ইউসুফের খেলা নিশ্চিত। তিনি কার জায়গায় খেলবেন তা এখনো ঠিক হয়নি। বাদ পড়তে পারেন শোয়েব মালিক। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিল উইকেটকিপার জুলকারনাইন হায়দারের। আঙ্গুলের চোট নিয়ে তিনি মাঠের বাইরে। ওভালে নামছেন কামরান আকমল। চোটের কারণে বাইরে থাকা পেসার গুলের জায়গা নেবেন বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজ। ২৫ বছর বয়সী এ বোলার ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করার পুরস্কার পাচ্ছেন। ইংল্যান্ড এজবাস্টনে জেতা দলটিই যথারীতি অপরিবর্তিত রেখেছে। এখানে ড্র করতে পারলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে অ্যান্ড্রু স্ট্রাউসদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৭৩২ ঘ.