২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলকারনাইনকে ঢিল মারায় ব্রডের জরিমানা

পাকিস্তানি ব্যাটসম্যান জুলকারনাইন হায়দারকে বল দিয়ে ঢিল মারার দায়ে ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রডের ম্যাচ ফি'র ৫০ শতাংশ কেটে নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 11:52 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানি ব্যাটসম্যান জুলকারনাইন হায়দারকে বল দিয়ে ঢিল মারার দায়ে ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রডের ম্যাচ ফি'র ৫০ শতাংশ কেটে নেয়া হয়েছে। এজবাস্টন টেস্টের তৃতীয়দিন রোববার উইকেট ফেলতে না পেরে হতাশা চেপে রাখতে পারেননি সিমার ব্রড। ঢিল মারেন হায়দারকে লক্ষ্য করে। বলটি আঘাত হাতে হায়দারের কাঁধে। এর আগে উইকেটের পেছনে ব্রডের ক্যাচের আবেদনের হাত থেকে বেঁচে যান হায়দার। শেষ পর্যন্ত ৮৮ রান করে গ্রায়েম সোয়ানের বলে সাজঘরে ফেরেন তিনি। ২৪ বছর বয়সী ব্রড অবশ্য দোষ স্বীকার করেন। সেজন্যই খেলা শেষে পূর্ণাঙ্গ শুনানির আয়োজন করতে হয়নি ম্যাচ রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মধুগালেকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক বিবৃতিতে মধুগালে বলেন, "স্টুয়ার্ট ব্রডের ঢিল মারার ঘটনা মেনে নেয়ার মতো নয়। তিনি দোষ স্বীকার করেছেন। তাই বোঝাই যায় নিজের ভুলও বুঝতে পেরেছেন। আমি নিশ্চিত যে এমন ঘটনা তিনি আর কখনোই ঘটাবেন না।" মধ্যাহ্ন-বিরতির পরপর পাকিস্তানের ছয় নম্বর উইকেট হারানোর পর মনে হচ্ছিল চা-বিরতির আগেই ইনিংস ব্যবধানে জিতে যাবে ইংল্যান্ড। কিন্তু হায়দার ও সাঈদ আজমলের অর্ধ-শতকের ওপর ভর করে ইংল্যান্ডের চেয়ে ১১২ রানে এগিয়ে যায় পাকিস্তান। হায়দার ৮৮ রান করেন। আজমল করেন ৫০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৭২০ ঘ.