ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার ক্রিকেট গর্বে যখন-তখন লাগছে কলঙ্কের দাগ। অধিনায়ক হিসেবে দায়টা পড়ছে রিকি পন্টিংয়ের ওপর। শুরু হয়ে গেছে তার নেতৃত্ব নিয়ে সংশয়, ব্যাটেও সেই আগের ধার নেই! তাই শুরু হয়ে গেছে তার অবসরের গুঞ্জন।
অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন চ্যানেল বুধবার জানায়, এ বছর অষ্ট্রেলিয়ার মাঠে অ্যাশেজই হতে যাচ্ছে পন্টিংয়ের শেষ টেস্ট সিরিজ। এরপর ২০১১ সালের বিশ^কাপ শেষে তুলে রাখবেন ব্যাট-প্যাড। আন্তর্জাতিক অঙ্গনে ঘটবে না তার পদচারণা। পাঁচ টেস্টের অ্যাশেজ শুরু হতে যাচ্ছে ২৫ নভেম্বর।
তবে এর প্রতিবাদ করেছেন পন্টিং। তার ম্যানেজার জেমস হেন্ডারসন বলেন, ''অবসরের কোনো চিন্তা-ভাবনাই এখন করছেন না পন্টিং। বরং অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেয়ার পাশাপাশি খেলা, দু'টোই উপভোগ করছেন তিনি।''
তার সঙ্গে সুর মিলিয়েছেন প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ বলেন, ''পন্টিংয়ের অবসর নেয়ার সময় এখনো হয়নি।''
কিন্তু আক্ষরিক অর্থেই ব্যাট হাতে কিংবা অধিনায়ক হিসেবে পন্টিংয়ের দিনকাল ইদানিং ভালো যাচ্ছে না। অস্ট্রেলিয়াকে রেকর্ড ৭১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে গত দুটি অ্যাশেজ সিরিজেই হেরেছেন। গত দশ টেস্টে ব্যাটিং গড় ৪০.৬১। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে ২০৯ রানের ইনিংসটি বাদ দিলে গড় কমে দাঁড়ায় মাত্র ২৯.৫ তে।
তিন নম্বরে তার ব্যাট করা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, তিন নম্বরের বদলে তার পাঁচ কিংবা ছয় নম্বরে নামা উচিত। খেলোয়াড়ি জীবনের শেষ দিকে অবশ্য এমনটা করেছেন অ্যালান বর্ডার এবং স্টিভ ওয়াহ।
রিকি পন্টিং কিছুদিন আগে বলেছিলেন, ২০১৩ সালে ইংল্যান্ডে অ্যাশেজ সফরে যেতে চান তিনি। কারণ ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জেতার স্বপ্ন পুরণ করতে চান। তখন তার বয়স হবে ৩৮।
অস্ট্রেলিয়ান অধিনায়ক ১৪৬ টেস্টে ৩৯ শতকসহ ১২০২৫ রান করেছেন, গড় ৫৪.৬৬। ৩৫১টি একদিনের খেলায় শতক হাঁকিয়েছেন ২৯টি। ৪২.৮৫ গড়ে রান করেছেন ১৩০৭২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭৩৫ ঘ.
bdnews24