ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান টেস্ট দলের নবীনতম অধিনায়ক সালমান বাট মনে করেন মোহাম্মদ ইউসুফ কিংবা ইউনুস খানদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের ফেরালেই দলের পারফরম্যান্স রাতারাতি বদলে যাবে না। তার সঙ্গে একমত পোষণ করে কোচ ওয়াকার ইউনুসও বলছেন, তরুণদের ওপরেই আস্থা রাখা উচিত বোর্ডের।
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আরো একবার ব্যাটিং ব্যর্থতা দেখিয়ে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে মাত্র ৮০ রানে অলআউট হয়ে যায়। ম্যাচে তারা হারে ৩৫৪ রানের বড় ব্যবধানে। তারপরই তড়িঘড়ি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবসর নেয়া অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকে চলতি টেস্ট সিরিজে ইংল্যান্ডে পাঠানোর কথা জানায়।
তবে ইংল্যান্ডেই থাকা ইউনুসকে ডাকা হয়নি। তিনি এখন সারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলছেন। তার সঙ্গে পিসিবির ঘোরতর বিরোধ চলছে।
ইউসুফকে দলে ডাকার ব্যাপারটি নিয়ে বাট কিংবা ওয়াকারের সঙ্গে আলোচনা করেনি পিসিবি। কেবল তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। তার আগে বাট বলেন, '' দলের তরুণদের ওপরেই সবার আস্থা রাখা উচিত। কারণ গত দু'বছরে পাকিস্তান ২১টি টেস্ট খেলে জিতেছে মাত্র তিনটি। তথাকথিত সিনিয়র ক্রিকেটাররা তখন খেলেছেন। কিন্তু টানা সাফল্য কি এসেছে? বরং তরুণরাই গত ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এটাই বাস্তবতা।''
তবে বাট সরাসরি ইউসুফ কিংবা ইউনুসকে নিয়ে কিছু বলেননি। কেবল জানিয়েছেন দল গঠন করার দায়িত্ব বোর্ডেরই। এখানে তার কিছু করার নেই।
ওয়াকার অবশ্য সরাসরি বলেছেন পাকিস্তানের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে তরুণদের ওপরেই ভরসা করতে হবে। তিনি বলেন, ''একজন অবসর নেয়া ক্রিকেটারকে দলে ফিরিয়ে এনে কি লাভ? আর অপরজন তো বোর্ডেই অনাহূত। কাজেই এ ধরণের ক্রিকেটারদের দলে ফিরিয়ে আনলে দলীয় সংহতিতে ফাটল ধরার শঙ্কা থেকে যায়।''
পাকিস্তান দল থেকে বাদ দেয়া হয়েছে লেগ স্পিনার দানিশ কানেরিয়াকেও। তার বদলে দলের সঙ্গে যোগ দিচ্ছেন ১৮ বছর বয়সী বাঁ-হাতি তরুণ স্পিনার রাজা হাসান। পাকিস্তান-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ আগস্ট এজবাস্টনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮৪৫ ঘ.
bdnews24