২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ডারসনের কাছে হেরে গেল পাকিস্তান

জেমস অ্যান্ডারসনের মারাত্মক বোলিংয়ের মুখে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৩৫৪ রানে হেরে গেছে পাকিস্তান। খেলা শেষ হয়ে যায় চতুর্থদিনের মধ্যাহ্ন-বিরতির ১৫ মিনিট আগেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 03:28 PM

Updated : 25 Aug 2022, 05:19 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেমস অ্যান্ডারসনের মারাত্মক বোলিংয়ের মুখে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৩৫৪ রানে হেরে গেছে পাকিস্তান। খেলা শেষ হয়ে যায় চতুর্থদিনের মধ্যাহ্ন-বিরতির ১৫ মিনিট আগেই। জয়ের জন্য ৪৩৫ রান তাড়া করতে নেমে ৮০ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। জেমস অ্যান্ডারসনের মারাত্মক বোলিংয়ের মুখে দাঁড়াতেই পারেনি পাকিস্তানি ব্যাটসম্যানরা। সবচেয়ে বেশি অপরাজিত ১৬ রান করেন দশ নম্বর ব্যাটসম্যান দানিশ কানেরিয়া। উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান ফারহাত করেন ১৫। এছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ইংল্যান্ডের বিপক্ষে এটিই পাকিস্তানের এক ইনিংসে সবচেয়ে কম রান। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড ব্যাটসম্যানরা রান পেলেও পাকিস্তানি ব্যাটসম্যানরা তাদের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি। জেমস অ্যান্ডারসন ১১ উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন পাকিস্তানকে। দুই ইনিংসে ১১টি উইকেট নেন তিনি। রান দেন মাত্র ৭১। এর মধ্যে দ্বিতীয় পালায় ১৭ রানেই নেন তিনি ছয় উইকেট। টেস্ট-জীবনে এটাই তার সেরা সাফল্য। এর আগে এক টেস্টে কখনোই দশ উইকেট পাননি অ্যান্ডারসন। মোহাম্মদ আসিফের শেষ উইকেটটিও নেন তিনি। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৪ রান করে। জবাব দিতে নেমে পাকিস্তানের প্রথম ইনিংস ১৮২ রানে গুটিয়ে যায়। স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে নয় উইকেটে ২৬২ রান তুলে ইনিংস ঘোষণা করে। হেডিংলি টেস্টে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া ৮৮ রানে সবাই আউট হয়ে গিয়েছিল। চার টেস্টে সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ৬ আগস্ট, বার্মিংহামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৪২ ঘ.