২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজ ও রায়নার লড়াই

যুবরাজ সিংয়ের চোটের জন্য কপাল খুলে গিয়েছিল সুরেশ রায়নার। সুযোগ পান শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে। অভিষেকেই করেন সেঞ্চুরি। কিন্তু তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে রায়নার খেলা নিশ্চিত নয়। কারণ সুস্থ ও ফিট হয়ে উঠেছেন যুবরাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 05:16 PM

কলম্বো, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুবরাজ সিংয়ের চোটের জন্য কপাল খুলে গিয়েছিল সুরেশ রায়নার। সুযোগ পান শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে। অভিষেকেই করেন সেঞ্চুরি। কিন্তু তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে রায়নার খেলা নিশ্চিত নয়। কারণ সুস্থ ও ফিট হয়ে উঠেছেন যুবরাজ। আগামী মঙ্গলবার কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে শুরু হবে ভারত-শ্রীলঙ্কার তৃতীয় টেস্ট। গলে অনুষ্ঠিত প্রথম টেস্ট জিতে স্বাগতিকরা ১-০ তে এগিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়। চোটের জন্য দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে খেলেননি যুবরাজ এবং উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর। তাদের জায়গায় খেলেছেন যথাক্রমে রায়না এবং মুরালি বিজয়। ফিট হলে মুরালির বদলে তৃতীয় টেস্টে শেবাগের সঙ্গী হবেন গম্ভীর। কিন্তু সমস্যা হয়েছে যুবরাজ এবং রায়নাকে নিয়ে। টিম ম্যানেজমেন্ট কাকে খেলাবে সেটি নিয়ে দ্বিধাবিভক্ত। এক দল রায়নাকেই খেলাতে চায়। আবার আরেক দল সিরিজে সমতা ফেরানোর এটাই শেষ সুযোগ বলে অভিজ্ঞ যুবরাজের পক্ষেই রায় দিয়েছে। ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলেননি। কেবল জানিয়েছেন, ''তৃতীয় টেস্টের এখনো বেশ কয়েকদিন বাকি আছে। তার আগে এ ব্যাপারে কিছু বলতে চাই না। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচের দিন সকালে। তবে তাতে দলের স্বার্থই আগে দেখা হবে। বিবেচনা করা হবে পিচ এবং কন্ডিশনও।'' এদিকে শচীন টেন্ডুলকার সামান্য পিঠের ব্যথায় ভুগলেও ধোনি জানিয়েছেন শেষ টেস্টে মাস্টার ব্যাটসম্যানের খেলতে কোনো সমস্যা হবে না। শেষ টেস্টে শ্রীলঙ্কান দলে ফিরতে পারেন পেসার লাসিথ মালিঙ্গা। চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলেননি তিনি। তবে এখন ফিট হয়ে উঠেছেন। অধিনায়ক কুমার সাঙ্গাকারা তাকে পেতে আশাবাদী। বলেছেন, '' মালিঙ্গাকে পেলে আমাদের বোলিং শক্তি নিঃসন্দেহে অনেক বেড়ে যাবে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৯২৫ ঘ.