ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রথম পালার ৩৫৪ রানের জবাব দিতে গিয়ে খাদে পড়ে গেছে পাকিস্তান। জেমস অ্যান্ডারসন ও স্টিভ ফিনের সুইংয়ের জবাব খুঁজে পায়নি তারা। দ্বিতীয়দিনের চা বিরতি পর্যন্ত পাকিস্তান রান তুলেছে ৯০, ছয় উইকেটে।
ফলে পাকিস্তান পিছিয়ে আছে ২৬৪ রানে। হাতে আছে চার উইকেট।
শোয়েব মালিক ব্যাট করছেন ২৬ রান নিয়ে। অন্য ব্যাটসম্যান মোহাম্মদ আমের অপরাজিত রয়েছেন ২২ রান নিয়ে। এ পর্যন্ত দলের পক্ষে সবচেয়ে বেশি ১৯ রান করেন ইমরান ফারহাত। ১৪ রান করেন আজহার আলি।
এছাড়া অন্য ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
অ্যান্ডারসন ও ফিন তিনটি করে উইকেট নেন। এজন্য ফিনের খরচ হয় মাত্র ৬ রান। অ্যান্ডারসন দেন ২১।
এর আগে মোহাম্মদ আসিফের মারাত্মক বোলিংয়ের মুখে মাত্র ২৩ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে বসে তারা। ফলে তাদের পালা শেষ হয় ৩৫৪ রানে।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে চার উইকেটে ৩৩১ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান পল কলিংউড তার ৮১ এর সঙ্গে মাত্র এক রান যোগ করেই সাজঘরের পথ ধরেন মোহাম্মদ আসিফের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন।
অপর অপরাজিত ব্যাটসম্যান ইয়ন মর্গান তার ১২৫ এর সঙ্গে যোগ করেন মাত্র পাঁচ রান। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনিও। বোলার সেই মোহাম্মদ আসিফ।
এছাড়া শেষ পাঁচ ব্যাটসম্যান উইকেটরক্ষক ম্যাট প্রায়র, গ্রায়েম সোয়ান, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন ও স্টিভ ফিনের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
মোহাম্মদ আসিফ পাঁচ উইকেট নেন, ৭৭ রানে। মোহাম্মদ আমের ৪১ রানে নেন তিন উইকেট।
দ্বিতীয়দিন ইংল্যান্ড খেলেছে মাত্র ১৪ ওভার এক বল।
চার টেস্টের সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ৬ আগস্ট, বার্মিংহামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০২৫ ঘ.
bdnews24