ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ড রান তুলেছে ৩৩১, চার উইকেটে। ইয়ন মর্গানের শতক ও পল কলিংউডের অর্ধশতকের সুবাদে এ রান তোলে তারা।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুটা ভালো করলেও দলীয় ৪২ রানে মোহাম্মদ আমেরের বলে ইমরান ফারহাতের হাতে ধরা পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেস্টার কুক (৮)।
দলকে এগিয়ে নিতে থাকেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান অ্যান্ড্রু স্ট্রাউস। সঙ্গী জনাথন ট্রট। মাত্র পাঁচ রানের জন্য অর্ধশতক বঞ্চিত স্ট্রাউস আমেরের দ্বিতীয় শিকারে পরিণত হন। ৭৫ বলে খেলা তার ৪৫ রানের ইনিংসে ছিল ছয়টি চারের মার।
দলীয় ১১৬ রানে আবারও আঘাত হানেন মোহাম্মদ আমের। এবার তার এলবিডব্লিউর ফাঁদে কাটা পড়েন জনাথন ট্রট (৩৮)। আর মাত্র দুই রান যোগ করে সাজঘরে ফিরে যান কেভিন পিটারসেনও (৯)। মোহাম্মদ আসিফের বল সরাসরি তার উইকেট ভেঙ্গে ফেলে। কিছুটা বিপদে পড়ে যায় ইংল্যান্ড।
সে বিপদ সামাল দিয়ে খেলে যেতে থাকেন পল কলিংউড ও ইয়ন মর্গান। এরই মধ্যে মর্গান তার শতক এবং কলিংউড অর্ধশতক আদায় করে নেন। অবিচ্ছিন্ন থেকেই প্রথম দিনের খেলা শেষ করেছে এ জুটি।
মর্গান ১২৫ ও কলিংউড ৮১ রানে অপরাজিত আছেন।
মোহাম্মদ আমের তিন উইকেট নেন ৩৯ রান দিয়ে।
হেডিংলিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা পাকিস্তান এ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট ম্যাচ খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৪৫৬ ঘ.
bdnews24