২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ সপ্তাহের তারকা

মুত্তিয়া মুরালিধরন এখন ক্রিকেট বিশ্বে সবচেয়ে আলোচিত এক নাম। টেস্ট ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোন বোলার পা রাখলেন ৮০০ উইকেটের আকাশ ছোঁয়া মাইলফলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 03:04 PM

Updated : 25 Aug 2022, 04:28 PM

মুত্তিয়া মুরালিধরন এখন ক্রিকেট বিশ্বে সবচেয়ে আলোচিত এক নাম। টেস্ট ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোন বোলার পা রাখলেন ৮০০ উইকেটের আকাশ ছোঁয়া মাইলফলকে। গলে ভারতের বিপক্ষে তিনি তার টেস্ট জীবনের শেষ ম্যাচ খেলবেন- আগেই এ ঘোষণা দিয়েছিলেন। নামের পাশে লেখাছিল ৭৯২ টেস্ট উইকেট। তাই সারা বিশ্ব আগ্রহ নিয়ে তাকিয়েছিল গল টেস্টের দিকে। শেষ টেস্টে তিনি কি আট উইকেট পাবেন? নাকি বিদায় বেলায় কিছুটা আক্ষেপ থেকেই যাবে? প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে মুরালি জানিয়ে দেন গল টেস্টের পান্ডুলিপি তিনি নিজ হাতেই লেখবেন। কিন্তু নাটকীয়তা তখনো অনেক বাকী! সতীর্থ লাসিথ মালিঙ্গা দ্বিতীয় ইনিংসে যেভাবে একের পর এক উইকেট নিচ্ছিলেন, তাতে অনিশ্চিত হতে থাকে আটশ উইকেটের মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা। কিন্তু পান্ডুলিপি মুরালি নিজেই লিখেছেন। দ্বিতীয় ইনিংসে অনেক নাটকীয়তার পর ভারতের শেষ ব্যাটসম্যান প্রজ্ঞান ওঝার উইকেটটি তুলে নিয়ে ছুঁয়ে ফেলেন স্বপ্নের সেই মাইলফলক। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কলম্বোতে টেস্ট অভিষেক হয়েছিল এই স্পিন জাদুকরের। তাঁর প্রথম শিকার অস্ট্রেলিয়ার ক্রেইগ ম্যকডেরমট। সেই টেস্টে প্রথম ইনিংসে একটি ও দ্বিতীয় ইনিংসে দু'টি উইকেট পেয়েছিলেন তিনি। ম্যাচটি ড্র হয়েছিল। তখনও টেস্ট ক্রিকেট শ্রীলঙ্কা দুর্বল দল। এর কিছুদিন পর সেই সময়ে শ্রীলঙ্কান দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বলেছিলেন, "মুরালিই এখন বিশ্বের সেরা অফ স্পিনার।" ওই মুহুর্তে রানাতুঙ্গার সঙ্গে একমত হবার লোক খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এখন অনেকেই সে কথা মেনে নিয়েছেন। বোলিংয়ের প্রায় সব রেকর্ডের মালিকই এখন মুরালি। ১৩৩ টেস্ট ম্যাচ খেলা মুরালি সর্বোচ্চ বাইশ বার এক ম্যাচে দশটি করে উইকেট পেয়েছেন। উইকেট প্রতি তাঁর রান দেয়ার হার মাত্র ২.৪৭। টেস্টের পাশাপাশি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫১৫ টি উইকেট নিয়ে তিনিই সর্বোচ্চ উইকেটের মালিক। স্পিনের আরেক জাদুকর শেন ওয়ার্নের ৭০৮ টি টেস্ট উইকেটের রেকর্ড ভেঙ্গে ২০০৭ সালের ৩ ডিসেম্বর মুরালি সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে নিজের নাম লেখান। এই সংখ্যাকে ৮০০ উইকেটের ম্যাজিক্যাল মাইলফলকে নিয়ে যান তিনি। মুরালি সম্পর্কে শেন ওয়ার্ন বলেছেন, "আমার মনে হয় না আর কেউ ওখানে পৌঁছাতে পারবে।" ৩৮ বছর বয়সী এই স্পিনারের খেলোয়াড়ি জীবনের শুরুটা ছিল বিতর্কিত। তার বোলিং ধরন নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক দেখা দিয়েছে। ১৯৯৫ সালে অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হেয়ার মুরালির পরপর পাঁচটি বল 'নো' ডেকে সে বিতর্ককে আরো উসকে দেন। চাকিংয়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আইসিসির সামনে পরীক্ষার মুখোমুখি হতে হয় মুরালিকে। তারপরও ভেঙ্গে পড়েনি তিনি। 'বোলিং ধরন বৈধ' এই সনদ তিনি আদায় করেন আইসিসির কাছ থেকে। টেস্ট জীবনের শেষ ম্যাচে আট উইকেট নিয়ে মুত্তিয়া মুরালিধরন প্রমাণ করেছেন চাইলে খেলাটা এখনো তিনি ভাল ভাবেই চালিয়ে যেতে পারতেন। তবে মাথা উঁচু করে বিদায় নেয়ার সুযোগ ক'জন ক্রিকেটারের ভাগ্যে জুটে? এ যেন স্বপ্নের মত বিদায়! যদিও একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি খেলাটা চালিয়ে যাবেন মুরালি। দল চাইলে ২০১১ বিশ্বকাপে মাঠে নামতে ইচ্ছুক বলে জানিয়েছেন তিনি। ক্রিকেটপ্রেমীরাও দেখতে চায় তার ঘূর্ণি জাদু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/২০৫০ ঘ.