লন্ডন, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কান অফস্পিনার মুত্তিয়া মুরালিধরনের ৮০০ উইকেটের রেকর্ড কেউ কোনোদিন ভাঙতে পারবে না বলেই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার শেন ওয়ার্ন।
৪০ বছর বয়সী ওয়ার্ন টেস্টে ৭০৮ উইকেট নিয়ে শ্রীলঙ্কান জাদুকরের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন।
ভারতের বিপক্ষে বৃহস্পতিবার গল টেস্টের পরেই টেস্ট থেকে অবসর নেন মুরালিধরন। তাকে অভিনন্দন জানিয়ে ওয়ার্ন বলেন, ''৮০০ উইকেটের অসাধারণ মাইলফলকে পৌঁছানোর জন্য মুরালিকে অভিনন্দন। আমার মনে হয় না, এই রেকর্ড কেউ কোনোদিন ভাঙতে পারবে। যেভাবে এই শৃঙ্গ মুরালি জয় করেছে, সেটা এককথায় বিস্ময়কর।"
এর সঙ্গে অসি স্পিনার যোগকরেন, ''ওর বোলিং অ্যাকশন নিয়ে হয়তো বিতর্ক ছিল। কিন্তু আইসিসি ওকে ছাড়পত্র দিয়েছিল। কাজেই এটি নিয়ে আর বিতর্ক থাকার কথা নয়। তারপর ও যে উচ্চতায় উঠেছে তা অবিশ্বাস্য। বিশেষ করে স্পিন সহায়ক উইকেটে মুরালিকে খেলা প্রায় অসাধ্য ছিল।''
মুরালিধরনের বিপক্ষে খেলার স্মৃতি স্মরণ করে ওয়ার্ন বলেন, "আমরা একে অপরের দারুণ প্রতিদ্বন্দ্বী ছিলাম। কিন্তু পরস্পরের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। অস্ট্রেলিয়া - শ্রীলঙ্কা লড়াইয়ে আমাদের মধ্যেও একটা ছোট লড়াই হতো।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২০১৫ ঘ.
bdnews24