২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টে ৮০০ উইকেটের মাইলফলকে মুরালি

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বৃহস্পতিবার টেস্টে ৮০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন শ্রীলঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 09:20 AM

Updated : 25 Aug 2022, 04:26 PM

গল, শ্রীলঙ্কা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বৃহস্পতিবার টেস্টে ৮০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন শ্রীলঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ক্যারিয়ারের শেষ ও ১৩৩তম টেস্টে তিনি এই রেকর্ড গড়লেন। টেস্ট ও ওয়ান ডে উভয়শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারী মুরালি ১৯৭২ সালের ১৭ এপ্রিল শ্রীলঙ্কার ক্যান্ডিতে জন্মগ্রহণ করেন। প্রথম টেস্ট খেলতে নামেন ১৯৯২ সালের ২৮ আগস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর একদিনের ক্রিকেটে তার অভিষেক হয় ভারতের বিরুদ্ধে ১৯৯৩ সালের ১২ আগস্ট। ক্যারিয়ারের দীর্ঘ সময় বোলিং অ্যাকশন নিয়ে সমালোচনার মধ্যে ছিলেন মুরালি। ২০০৯ সালের ৫ ফেব্র"য়ারি ভারতের গৌতম গম্ভীরের উইকেটের মধ্য দিয়ে একদিনের ক্রিকেটে পাকিস্তানের ওয়াসিম আকরামের গড়া ৫০২ উইকেট শিকারের রেকর্ড ছাড়িয়ে যান তিনি। এর আগে ২০০৭ সালের ৩ ডিসেম্বর টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের গড়া সর্বোচ্চ উইকেটের রেকর্ড ভেঙ্গে ফেলেন মুরালি। ৩৮ বছর বয়সী মুরালি গলে জীবনের শেষ টেস্টে খেলছেন প্রতিবেশী ভারতের বিপক্ষে। ১৮ আগস্ট শুরু হওয়া এ টেস্টের প্রথম ইনিংসে মুরালির ঘূর্ণি যাদুতেই বুধবার ২৭৬ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। মুরালি ৬৩ রান খরচায় নেন পাঁচ উইকেট। এর আগে ৮ উইকেটে ৫২০ রান তুলে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। টেস্টে তার শেষ শিকার ভারতের বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। মুরালিধরনের বলে স্লিপে মাহেলা জয়াবর্ধনে ক্যাচ লুফতেই হয়ে যায় ইতিহাস। একই সঙ্গে ৩৩৮ রানে ভারতের দ্বিতীয় ইনিংসেরও সমাপ্তি ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এজে/১৬০৪ ঘ.