২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরালির শেষ, ভারত চায় ১৭ বছর পর--

দুই দলের লক্ষ্য দু'টি। স্বাগতিক শ্রীলঙ্কার লক্ষ্য স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরনকে তার জীবনের শেষ টেস্টে জয় উপহার দেয়া। আর ভারত চায় শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতে ১৭ বছরের ইতিহাস পাল্টাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 12:51 PM

Updated : 25 Aug 2022, 02:03 PM

গল, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - দুই দলের লক্ষ্য দু'টি। স্বাগতিক শ্রীলঙ্কার লক্ষ্য স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরনকে তার জীবনের শেষ টেস্টে জয় উপহার দেয়া। আর ভারত চায় শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতে ১৭ বছরের ইতিহাস পাল্টাতে। দীর্ঘ ১৭ বছরেও শ্রীলঙ্কার মাটিতে সে দেশকে টেস্ট সিরিজে হারাতে পারেনি ভারত। শ্রীলঙ্কা - ভারত তিন টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে গলে, রোববার। এরই মধ্যে প্রচার মাধ্যমের সব নজর কেড়ে নিয়েছেন ৩৮ বছর বয়সী মুরালিধরন। কেননা এটিই তার জীবনের শেষ টেস্ট। ১৩২ টেস্টে ৭৯২ উইকেট নিয়ে মুরালিধরন রয়েছেন সবার ওপরে। তিনি কি পারবেন ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে আট শ' উইকেটের মাইলফলকে পৌঁছাতে? আপাতত সবার নজর এই দিকেই। তবে মুরালি নিজে রেকর্ড নিয়ে মোটেই ভাবছেন না। তার সাফ কথা, ''আট শ' উইকেট পেলে ভালোই লাগবে। তবে তার আগে চাই দলের জয়।'' মুরালি ভারতের মোট ৯৭টি উইকেট নিয়েছেন। এর মধ্যে গলে দুই টেস্টে নিয়েছেন ১৩ উইকেট। পিচ যিনি বানিয়েছেন তিনি বলছেন, উইকেট হবে স্পিন-সহায়ক। তবে তৃতীয় দিন থেকে। আর মুরালি এমন এক স্পিনার, বল ঘোরাতে যার পিচের সাহায্য লাগে না। শ্রীলঙ্কার মাটিতে ভারত সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ১৯৯৩ সালে, মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ১-০ তে। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও মানছেন সে কথা, ''শ্রীলঙ্কার মাটিতে আমাদের অতীত রেকর্ড যে ভালো নয়, তা আমরা জানি। তবে আমরা অতীত নিয়ে ভাবছি না, তাকাতে চাই সামনের দিকে। গত কয়েক বছরে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা নিয়মিত খেলেছি। তাই ওদের শক্তি এবং দুর্বলতা আমাদের ভালোই জানা আছে। সেটাই হবে আমাদের সাফল্যের চাবিকাঠি।'' ভারতে আছে খেলার ধারা ঘুরিয়ে দেয়ার মতো বেশ কয়েকজন ব্যাটসম্যান। শেবাগ, গম্ভির, শচীন, লক্ষ্মণ, দ্রাবিড়, যুবরাজ- কাকে ছেড়ে কাকে বাদ দেয়া যায়। অফ-স্পিনার হিসেবে দলে আছেন হরভজন সিং। তার সঙ্গী বাঁ-হাতি প্রজ্ঞান ওঝা। তবে দ্রুত গতির (পেস) বোলিং নিয়ে দুঃশ্চিন্তা থাকছেই। ইশান্ত শর্মার সঙ্গে থাকতে পারেন মুনাফ প্যাটেল কিংবা অভিমন্যু মিঠুন। অধিনায়ক কুমার সাঙ্গাকারার অধিনায়কত্বে শ্রীলঙ্কা আটঘাট বেঁধেই মাঠে নামবে। সঙ্গে থাকবেন দিলশান, মাহেলা, থারাঙ্গা, থিলান সামারাবীরা ও অ্যাঞ্জোলো ম্যাথিউসরা। স্পিন বোলিংয়ে মুরালির সঙ্গী হচ্ছেন বাঁ-হাতি রঙ্গনা হেরাথ। দ্রুত গতির বোলিংয়ে নেতৃত্ব দেবেন লাসিথ মালিঙ্গা। তবে দু'দলের লড়াইয়ে মধ্যমণি সেই মুরালিধরনই। কারণ এমন বর্ণময় এবং কিংবদন্তী স্পিনারের এটাই যে শেষ টেস্ট! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৪০ ঘ.