ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৬ উইকেটে আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম ম্যাচের হারের জবাব দিয়েছে বাংলাদেশ। জয়ের লক্ষ্য ১৯০ টপকে ১৯১ রানে পৌঁছে যায় চার উইকেটে, ৩৭ ওভার ৪ বলে।
এর আগে ৪৬ ওভারে রান করে আয়ারল্যান্ড ১৮৯, নয় উইকেটে।
বৃষ্টির জন্য ৫০ ওভারের খেলা কমিয়ে আনা হয় ৪৬ ওভারে।
বেলফাস্টে জেতার লক্ষ্য তাড়া করতে গিয়ে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের ৭৪ রানের ওপর ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। তারপরও ৪১ রানের মাথায় দুই ব্যাটসম্যান বিদায় নিলে খানিকটা শঙ্কা দেখা দেয় বাংলাদেশ শিবিরে।
কিন্তু তামিম ও জহুরুল ইসলাম দলের সঙ্গে ৮৪ রান যোগ করায় আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। তামিম তার ৯১ বলের ইনিংসে দড়ির ওপারে বল পাঠিয়েছেন ৬ বার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে একবার। জহুরুলের ৩৪ রানের ইনিংসে চার রয়েছে তিনটি।
এছাড়া সাকিব আল হাসান করেন অপরাজিত ৩৩, জুনায়েদ সিদ্দিকী ১৩ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম করেন হার না মানা ১৩ রান।
আয়ারল্যান্ড মোট সাত বোলার ব্যবহার করেন। সুবিধা করতে পারেননি কেউই। একটি করে উইকেট নেন চার বোলার।
এরআগে টস জিতে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে আয়ারল্যান্ড। উদ্বোধনী ব্যাটসম্যান আগের ম্যাচের 'সেঞ্চুরিয়ান' উইলিয়াম পোর্টারফিল্ড ও পল স্টার্লিং ফিরে যান দলীয় ১৩ রানের মাথায়। দু'জনই করেন ৬ রান করে।
রানের খাতা খোলার আগেই ফিরে যান অ্যালেক্স কুস্যাক। নিল ও'ব্রায়ান ৩৯ বলে করেন ২৭। আর কেভিন ও'ব্রায়ান করেন ১৪। তখন দলের রান ছিল ৫ উইকেটে ৬২।
এ অবস্থায় আয়ারল্যান্ড লড়াই করার মতো পূঁজি পাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু এই আশঙ্কাকে ভুল প্রমাণীত করেন গ্যারি উইলসন। ৬৪ বলে ৬০ রানের একটি ইনিংস খেলে দলকে নিয়ে যান অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে। তিনি তার ইনিংসটি সাজান ছয়টি চার দিয়ে।
এছাড়া জন মুনি ২৬ বলে ২৮ ও অ্যান্ড্রু হোয়াইট ২৪ রান করলে সম্মানজনক রান পায় আয়ারল্যান্ড।
বাংলাদেশের বোলারদের মধ্যে শফিউল ইসলাম ৪ উইকেট নেন ৫৫ রানে। সাকিব আল হাসান ২১ রানে নেন ২ উইকেট।
দুই ম্যাচের সিরিজে ১-১ এ অমীমাংসিত রইল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০০৫ ঘ.
bdnews24