লন্ডন, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি।
লর্ডসে শুক্রবার অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান প্রথম টেস্টে ১৫০ রানে হেরে যায়। তারপরই বিবিসি রেডিওর সঙ্গে এক সাক্ষাতকারে আফ্রিদি অবসরের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ''টেস্ট খেলার জন্য আমি খুব একটা আগ্রহী ছিলাম না। এরপরও বোর্ডের অনুরোধে রাজি হয়েছিলাম। কিন্তু দেখলাম টেস্ট খেলার মতো 'মেজাজ' আমার নেই। তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।''
আফ্রিদি তার সিদ্ধান্ত এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানাননি।
আসছে বুধবার হেডিংলিতে শুরু হবে পাকিস্তান - অস্ট্রেলিয়া দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই টেস্টে আর অধিনায়কের দায়িত্ব পালন করছেন না আফ্রিদি। দলে সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট। নিয়ম অনুযায়ী, অধিনায়কের দায়িত্ব পালন করার কথা তারই।
আফ্রিদি জানান, চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে তিনি খেলার প্রেরণাই খুঁজে পাচ্ছিলেন না। এ ছাড়া পাঁচদিনের খেলার জন্য শতভাগ 'ফিট' নন তিনি।
তবে নজর দেবেন একদিনের আন্তর্জাতিক ও ২০ ওভারের খেলার দিকে।
এদিকে পিসিবির সভাপতি ইজাজ বাট জানিয়েছেন, তারা এখনো আফ্রিদির সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানেন না। সেটা জানার পর পরবর্তী পদক্ষেপ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৩৩ ঘ.
bdnews24