২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড

এজবাস্টনে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে বাংলাদেশকে ১৪৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ফলে তিন ম্যাচের সিরিজ জিতল ইংল্যান্ড ২-১ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 06:12 PM

Updated : 25 Aug 2022, 01:44 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এজবাস্টনে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে বাংলাদেশকে ১৪৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ফলে তিন ম্যাচের সিরিজ জিতল ইংল্যান্ড ২-১ ব্যবধানে। টসে হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৭ রানের বিশাল সংগ্রহ গড়ে। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস অনবদ্য ১৫৪ রানের একটি ইনিংস খেলেন। জোনাথন ট্রটও করেন ১১০ রান। শেষ দিকে রবি বোপারা ১৬ বলে চার ছক্কা এবং দুই চারে ১৬ বলে অপরাজিত ৪৫ রান করেন। জয়ের জন্য ৩৪৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে বাংলাদেশ ২০৩ রানে অলআউট হয়ে যায়। কোনো ব্যাটসম্যানের ব্যাটই চওড়া হতে পারেনি। শুরু থেকেই বাংলাদেশের ইনিংসে উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। বড় কোনো জুটিই তৈরি হয়নি। আমজাদ শাহজাদের বলে ১৬ রানে লিউক রাইটকে ক্যাচ দিয়ে সাঝঘরে ফেরেন অন্যতম ওপেনার তামিম ইকবাল। এরপরে একই বোলারের বলে আরেক ওপেনার ইমরুল কায়েসও ফেরেন ৪ রানে কিসওয়েটারের হাতে ক্যাচ দিয়ে। জুনায়েদ সিদ্দিকী এবং জহুরুল যথাক্রমে ২৫ এবং ২৭ রান করে বিদায় নেন। এরপর আশরাফুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৬ রান করে রান আউট হন সাকিব। দলের রান তখন ৫ উইকেটে ৮৬। মিডিয়াম পেসার রবি বোপারার বল খেলতে না পেরে ব্যক্তিগত ১৩ রানে এলবিডব্লিউ হন আশরাফুল। তিন চারে ১৭ বলে ১৪ রান করেন অধিনায়ক মাশরাফি। কিন্তু তাকেও তুলে নেন বোপারা। তার বলে কিপার কিসওয়েটারকে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক। অষ্টম উইকেট জুটিতে মাহমুদউল্লাহ এবং রাজ্জাক ৫৬ রানের জুটি গড়েন। কিন্তু তা দলের হার ঠেকাতে কোনো ভুমিকা নিতে পারেনি। কেবল হারের ব্যবধান কমিয়েছে। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করে মাহমুদউল্লাহ আউট হন স্পিনার ইয়ার্ডির বলে এলবিডব্লিউ হয়ে। ২৭ রান করেন রাজ্জাক। তিনি আউট হন বোপারার বলে ব্রেসনানকে ক্যাচ দিয়ে। এরপর বোপারার বলে শফিউল বোল্ড হতেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। এর আগে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ৩৪৭ রান। অধিনায়ক স্ট্রাউস একদিনের ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক ১৫৪ রান করেন। ট্রট করেন একদিনের ম্যাচে তার প্রথম সেঞ্চুরি। এজবাস্টনে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক। খেলার প্রথম ওভারের চতুর্থ বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেগ কিসওয়েটার (০)। বোলার ছিলেন মাশরাফি। এরপর স্ট্রাউস এবং ট্রট দ্বিতীয় উইকেটে ২৫০ রানের জুটি গড়েন। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ট্রট মাশরাফির বলেই সাকিবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। পরের বলেই মাশরাফি ফিরিয়ে দেন লিউক রাইটকে। ক্যাচ লুফে নেন উইকেটকিপার জহুরুল। তবে হ্যাটট্রিক করতে পারেননি তিনি। পল কলিংউড ব্যক্তিগত ৮ রানে রুবেল হোসেনের বলে ধরা পড়েন আশরাফুলের হাতে। স্ট্রাউস ১৫৪ রান করে রুবেলর বলে সাকিবকে ক্যাচ দিয়ে ফিরে যান। শেষ দিকে দ্রুত রান তুলতে গিয়ে ইংল্যান্ড কয়েকটি উইকেট হারায়। মর্গানকে ১ রানে ফেরত পাঠান শফিউল। তার বলে ব্রেসনানও ১০ রানে তামিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ইংল্যান্ডের রান বন্যার মধ্যে অধিনায়ক মাশরাফি দশ ওভারে মাত্র ৩১ রানে নেন ৩ উইকেট। দু'টি করে উইকেট পান রুবেল এবং শফিউল। তবে দুই উইকেটের জন্য ৯ ওভারে শফিউল দেন ৯৭ রান। তার শেষ ওভারে বোপারা নেন ২৭ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/২২১৮ ঘ.