ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড-বধ কাব্য রচনা করেছে বাংলাদেশ। সেই সঙ্গে টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষে একদিনের ক্রিকেটে জয় পেল বাংলাদেশ। জেতার লক্ষ্য ২৩৭ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ২৩১ রানে। জোনাথন ট্রটের ৯৪ রানের পরও ইংল্যান্ডকে হার মানতে হয় ৫ রানে। তখনো বাকি ছিল তিন বল।
প্রথমে ব্যাট করে ইমরুল কায়েসের অর্ধ-শতকের সুবাদে ৫০ ওভারে সফরকারী বাংলাদেশ করে ৭ উইকেটে ২৩৬ রান।
ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে জেতার লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে ইংল্যান্ড। কিন্তু ৪৯ ও ৫৮ রানের মাথায় পরপর দুই উইকেট পড়ে যাওয়ায় বিপদে পড়ে ইংল্যান্ড।
এ অবস্থায় হাল ধরে বিপদ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন জোনাথন ট্রট ও পল কলিংউড। কিন্তু ট্রট ছাড়া সুবিধা করতে পারেননি অন্য ব্যাটসম্যানরা। ৮৬ রানের মাথায় ১০ রান করে আব্দুর রাজ্জাকের বলে এলবিডব্লিউয়ে ফাঁদে পড়েন পল কলিংউড। দলের সঙ্গে চার রান যোগ হতেই আবারো এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ইয়ন মর্গান (১)। বোলার সেই রাজ্জাক।
এছাড়া সাজঘরে ফিরে যান অ্যান্ড্রু স্ট্রাউস ৩৩ রান করে। স্টুয়ার্ট ব্রড ২১, ক্রেগ কিসওয়েটার ২০, লুক রাইট ১৫ ও শাহজাদ ৫ রান করেন।
চোট পাওয়ার পরও মাঠে নামেন ইয়ান বেল। তারপরও হার এড়াতে পারেনি ইংল্যান্ড। তিনি তার হিসেবের খাতাই খুলতে পারেননি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট জোনাথন ট্রট। অল্পের জন্য শতক পাননি তিনি। ১৩০ বলে ৯৪ রান করেন তিনি। সীমানার ওপারে বল পাঠান আটবার।
বাংলাদেশের বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও সাকিব আল হাসান। এজন্য মাশরাফির খরচ হয় ৪২ রান। রাজ্জাক দেন ৪৩, শফিউল ইসলাম ৩৮, রুবেল হোসেন ৫২ ও সাকিব দেন ৪০।
এর আগে একদিনের ক্রিকেট জীবনের দ্বিতীয় একদিনের শতকের পথে এগিয়ে যাচ্ছিলেন ইমরুল। অন্যপ্রান্তে ব্যাটসম্যানরা যখন আসা-যাওয়ার খেলায় ব্যস্ত, তখন দেখে-শুনে খেলতে থাকেন তিনি। ইমরুল তার চতুর্থ অর্ধ-শতকে পৌঁছান ৭৪ বলে, চারটি চারের সাহায্যে।
আজমল শাহজাদ কিছুটা আস্তে বল করেন। ড্রাইভ করতে গিয়েছিলেন ইমরুল। কিন্তু শেষ মুহূর্তে বোলারের চালাকি বুঝতে পেরে ব্যাট সরিয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু পারেননি, বল ব্যাটে লেগে উঠে যায়। ঠিকানা খুঁজে পায় কলিংউডের হাতে।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ১৯ রানেই সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। এই ১৯ রানের মধ্যে ১৮ই এসেছে তার ব্যাট থেকে। তারপরও প্রত্যাশা অনুযায়ী, ঝড় তুলতে পারেননি তিনি। প্রথম খেলায় যদিও তিনি ছিলেন এ ম্যাচের চেয়ে কিছুটা আক্রমণাত্মক। ২৮ রান করেন তিনি ২২ বলে।
কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিকী দলের সঙ্গে ৪৬ রান যোগ করে প্রাথমিক বিপদ কিছুটা সামাল দেন। স্টুয়ার্ট ব্রডের লেগ স্ট্যাম্পের বাইরের শর্ট বল ফাইন লেগের দিকে খেলার চেষ্টা করেন জুনায়েদ সিদ্দিকী। কিন্তু ব্যাটের পাশ দিয়ে বল চলে যায় উইকেটরক্ষক কিসওয়েটারের হাতে। তখন অবশ্য একটু শব্দ শোনা গিয়েছিল। সঙ্গে সঙ্গে আউটের আবেদন জানান ইংল্যান্ডের ফিল্ডাররা। আঙ্গুল তুলে বসেন জীবনের প্রথম ম্যাচ পরিচালনা করতে নামা আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বল আসলে ব্যাট ছুঁয়ে যায়নি। 'দুর্ভাগা' জুনায়েদ করেন ২১ রান।
দুর্ভাগ্য মোহাম্মদ আশরাফুলেরও। ১৪ রান করে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে জহুরুল করেন ৪০। তার ইনিংসে চার রয়েছে একটি, ছক্কা একটি।
এক পর্যায়ে মনে হচ্ছিল বাংলাদেশের রান হয়তো আড়াই শ' ছাড়িয়ে যাবে। কিন্তু খেলা যতো গড়িয়েছে বাংলাদেশের রান তোলার গতি ততোই কমেছে।
দলের রান যখন ৬ উইকেটে ১৯৪, তখন 'পাওয়ার প্লে' নেয় বাংলাদেশ। কিন্তু শেষ পাঁচ ওভারে ১ উইকেট হারিয়ে রান করে মাত্র ৩৮।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে আজমল শাহজাদ ৩ উইকেট নেন, ৪১ রানে।
ম্যাচসেরা হয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
চোটের কারণে বাংলাদেশ একাদশে ছিলেন না মুশফিকুর রহিম ও রকিবুল হাসান। মুশফিকের বদলে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন জহুরুল। রকিবুলের জায়গায় খেলেন মোহাম্মদ আশরাফুল।
তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফিরিয়ে আনলো বাংলাদেশ। এ বছরে এটিই বাংলাদেশের প্রথম জয়।
সিরিজ নির্ধারণী তৃতীয় খেলাটি হবে বার্মিংহামে ১২ জুলাই। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২৩৫৪ ঘ.
bdnews24