ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডে সফররত বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল, অলরাউন্ডার নাঈম ইসলাম ও উইকেটরক্ষক সগির হোসেন। ট্রেন্ট বিজ্রে সফরের প্রথম ওয়ানডে ম্যাচে উইকেটরক্ষক মুশফিকুর রহিম ও ব্যাটসম্যান রকিবুল হাসান চোট পাওয়ায় তাদের ডাকা হয়েছে।
স্পিনার ফয়সাল হোসেনের একটি বল মুশফিকুর রহিমের চোখে আঘাত করে। এক্স-রে করার পর হাড়ে চিড় পাওয়া যায়নি। তবে তাকে কিছুদিন হাসপাতালে কাটাতে হবে। অন্যদিকে জেমস অ্যান্ডারসনের বল সরাসরি আঘাত হানে প্রথম ম্যাচে দলীয় সর্বোচ্চ ৭৬ রান করা রকিবুল হাসানের পায়ে। এতে তার পায়ের পাতায় চিড় ধরেছে। এ সিরিজে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে এ সিরিজেই তিনি দলে ফিরেছিলেন।
মুশফিকুর রহিমকে হারানো বাংলাদেশ দলের জন্য বড় আঘাত। তিনি দলের নির্ভরযোগ্য উইকেটরক্ষক। একই সাথে তার ব্যাটিংও অনেক কার্যকর। মুশফিকুর আহত হয়ে মাঠের বাইরে চলে গেলে দলে আর কোন উইকেটরক্ষক না থাকায় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাকী সময়টুকু জুনায়েদ সিদ্দিকী উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন।
নির্বাচক কমিটির প্রধান রফিকুল আলম জানিয়েছেন, "মোহাম্মদ আশরাফুল শুক্রবার সকালে রওয়ানা হয়ে গেছেন। নাঈম ইসলামেরও পরবর্তী যে কোন সময়ে রওয়ানা হওয়ার কথা। ইংল্যান্ডের সঙ্গে পরবর্তী দুই ম্যাচ খেলতে পারবেন না রকিবুল ও মুশফিকুর।" তিনি আরো বলেছেন, "ভিসা সংক্রান্ত জটিলতা কাটলেই দলের সঙ্গে যোগ দেবেন সগির হোসেন। তিনি না পৌঁছানো পর্যন্ত জহুরুল ইসলাম উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন।"
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, "ইংল্যান্ডের সঙ্গে খেলাটা বেশ কঠিন। দারুণ ফর্মে থাকা দলটি কিছুদিন আগে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। অন্যদিকে আমরা দলের প্রধান দুই খেলোয়াড়কে হারিয়েছি। তাই আমাদের জন্য ম্যাচটা বেশ কঠিন হবে। আশা করি দলের অভিজ্ঞ খেলোয়াড়রা ভালো করবে। আমরা টানা ২০টি খেলায় হেরে চাপে আছি। তবে অধিনায়ক হিসেবে অন্যদের উজ্জীবিত করা আমার দায়িত্ব।"
শনিবার ব্রিস্টলে দ্বিতীয় একদিনে আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৯৪০ ঘ.
bdnews24