২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ছয় উইকেটে হারাল ইংল্যান্ড

ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 01:56 PM

Updated : 25 Aug 2022, 01:32 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। জুনায়েদ সিদ্দিকী (৫১) এবং রকিবুল হাসানের (৭৬) অর্ধশতকের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫০ রান করে বাংলাদেশ। জবাবে ৪৫.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫১ রান করে জয় তুলে নেয় ইংল্যান্ড। ইয়ান বেল ৮৪ রানে অপরাজিত থাকেন। জয়ের জন্য ২৫১ রান তাড়া করে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের সৌজন্যে শুরুটা দারুণ হয়েছিল ইংল্যান্ডের। ৭ ওভারেই উঠে যায় ৫০ রান বিনা উইকেটে। শেষ পর্যন্ত ৩৭ বলে ঠিক ৫০ রান করে রানআউট হয়ে যান স্ট্রস। মাহমুদউল্লার সরাসরি ছুড়ে দেয়া বলে উইকেট ভেঙে যায় তার। সাকিব আল হাসানের বলে ৩২ রান করে ফয়সাল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অপর উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ কিসওয়েটার। ব্যক্তিগত ৩৩ রানের মাথায় পল কলিংউডকেও ফিরিয়ে দেন সাকিব। ক্যাচ লোফেন বদলি উইকেটরক্ষক জুনায়েদ। ইউয়িন মর্গানকে তুলে নেন রাজ্জাক। তার বলে ব্যক্তিগত ২৩ রানের মাথায় মর্গান ক্যাচ দেন শফিউলের হাতে। তবে সেখান থেকে বেল এবং মাইকেল ইয়ার্ডি (১০*) ইংল্যান্ডকে পৌছে দেন জয়ের ঠিকানায়। এর আগে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতে ৬ ওভারে বাংলাদেশ ৪০ রান করেছিল। এরপরই ২৮ রান করে আউট হয়ে যান তামিম ইকবাল। ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লিউ হন তিনি। তামিমের ২২ বলের ইনিংসে বাউন্ডারি ছিল চারটি। অপর উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ১৪ রান করে ফিরে যান সাজঘরে। ৫১ রান করে জুনায়েদ বাঁ হাতি স্পিনার মাইকেল ইয়ার্ডির বলে আউট হন । একদিনের ক্রিকেটে এটি তার চতুর্থ অর্ধশতক। জুনায়েদের ইনিংসে চারের মার ছিল পাঁচটি। ৭০ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর তিনি এবং রকিবুল তৃতীয় উইকেটে ৮৬ বলে ৬৬ রানের জুটি গড়েন। জুনায়েদ ফিরে যাওয়ার পর চতুর্থ উইকেটে সাকিব আল হাসান এবং রকিবুল ৫০ রানের আরো একটি জুটি গড়েন। সাকিব ব্যক্তিগত ২০ রানে ব্রডের বলে অ্যান্ডারসনের হাতে ধরা পড়েন। এর মধ্যেই ওয়ানডেতে তার সপ্তম অর্ধশতক তুলে নেন রকিবুল। তার সঙ্গে যোগ দিয়ে মুশফিক ১৮ বলে দুই ছক্কায় ২২ রানের একটি ছোটখাট ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। টিম ব্রেসনানের বল তুলে মারতে গিয়ে লং অনে লিউক রাইটের হাতে ধরা পড়েন তিনি। শেষ পাঁচ ওভারের 'পাওয়ার প্লেতে' বাংলাদেশ ভাল করতে পারেনি। ৪৬ থেকে ৫০, এই পাঁচ ওভারে বাংলাদেশ মাত্র ২৮ রান তোলে। হারায় ৪ উইকেট। মাহমুদউল্লাহ ৪ রানেই অ্যান্ডারসনের বলে এলবিডব্লিউ হয়ে যান। দলের পক্ষে সর্বাধিক ৭৬ রান করে রানআউট হন রকিবুল। অধিনায়ক মাশরাফি (৫) ছক্কাই মারতে গিয়েছিলেন অ্যান্ডারসনের বলে। কিন্তু ক্যাচ লুফে নেন ইয়ান বেল। আর ব্রেসনানের ইনিংসের শেষ বলে বোল্ড হন আব্দুর রাজ্জাক। ৭৪ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল ইংল্যান্ড বোলার ছিলেন অ্যান্ডারসন। ব্রেসনান ৪০ এবং ব্রড ৪৩ রানে নেন দুটি করে উইকেট। সংক্ষিপ্ত স্কোর- বাংলাদেশ: ৫০ ওভারে ২৫০/৯ ( তামিম ২৮, ইমরুল ১৪, জুনায়েদ ৫১, সাকিব ২০, মুশফিক ২২, মাহমুদউল্লাহ ৪, রকিবুল ৭৬, মাশরাফি ৫, ফয়সাল ৮*; অ্যান্ডারসন ৩/৭৪)। ইংল্যান্ড : ৪৫.১ ওভারে ২৫১/৪ (স্ট্রস ৫০, কিসওয়েটার ৩২, কলিংউড ৩৩, বেল ৮৪*; সাকিব ২/৩৪)। ফল : ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/০২৪৭ ঘ.