ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুধু এশিয়ার ক্রিকেট নয়, বাংলাদেশ ক্রিকেটও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন এশীয় ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেন, "শিগগিরই ব্যাটিং পরামর্শদাতার দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।"
মঙ্গলবার স্থানীয় এক হোটেলে সাংবাদিকদের তিনি একথা বলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান মোস্তফা কামাল এসিসির ২১তম প্রেসিডেন্ট হয়েছেন গত বুধবার। সিঙ্গাপুরে এসিসির বার্ষিক সাধারণ সভায় তাকে এই দায়িত্ব দেয়া হয়। মোস্তাফা কামাল এই দায়িত্ব নেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাটের কাছ থেকে।
এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্র মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং বিসিবির সাবেক প্রধান আলী আসগর লবীও এসিসির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
১৯৮৩ সালে যাত্রা শুরু হয় এসিসির। মূলত এ অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দেয়াই সংস্থাটির লক্ষ্য। কিন্তু সত্যিকার অর্থে ক্রিকেট ছড়িয়ে পড়েনি। সাংবাদিকদের কাছে সেই ব্যর্থতার কথা স্বীকার করে নিতে দ্বিধা করলেন না নতুন প্রেসিডেন্ট। বললেন, ''ফুটবলের মতো ক্রিকেটকে আমরা ছড়িয়ে দিতে পারিনি। আমি আগামী দু'বছর এসিসির প্রধান হিসেবে কাজ করবো।" এশিয়ায় ক্রিকেট খেলুড়ে দেশের সংখ্যা বাড়ানোর চেষ্টা করবেন বলে তিনি জানান।
বন্ধ হয়ে যাওয়া এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা ফের চালুর উদ্যোগ নেবেন বলেও জানান মোস্তফা কামাল।
বিসিবি সভাপতি জানান, বাংলাদেশ জাতীয় দল নিয়েও রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
মোস্তফা কামাল বলেন, ''এ মুহূর্তে অভিজ্ঞ কোচের খুবই অভাব। তাই বোলিং, ব্যাটিং আর ফিল্ডিং কোচ পাচ্ছি না। তবে ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আমাদের কথা হয়েছে। শিগগিরই কিছুদিনের জন্য জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেবেন তিনি। এছাড়া ফিল্ডিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছি দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসকে।''
বিসিবি সভাপতি জানান, বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি ভালোভাবেই এগিয়ে চলছে।
সংবাদ সম্মেলনে এসিসি প্রেসিডেন্ট ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব আনাম, ভাইস প্রেসিডেন্ট আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮৩৩ ঘ.
bdnews24