ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজ - দক্ষিণ আফ্রিকা তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে দ. আফ্রিকা প্রথম ইনিংসে দুই উইকেটে ৪৬ রান তুলেছে। এর আগে ২৩১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।
ব্রিজটাউনের কিংসটন ওভাল মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের শুরুতেই দলীয় ১২ রানে মর্নে মরকেলের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান ডেল রিচার্ড। দ. আফ্রিকার বোলারদের আটোসাটো বোলিংয়ে সবসময় চাপের মুখেই থাকতে হয়েছে স্বাগতিকদের। দলীয় সর্বোচ্চ ৬১ রান করেন ডোয়াইন ব্রাভো। এছাড়া নরসিং দিওনারায়ন ৪৬ রান করেন।
দ. আফ্রিকার অফস্পিনার জোহান বোথা ৫৬ রান দিয়ে চার উইকেট পেয়েছেন। এছাড়া ডেল স্টেইন তিন উইকেট নেন ৩৭ রানে ।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে অ্যালভিরো পিটারসেনকে হারায় দ. আফ্রিকা। তিনি এক রান করে কেমার রোচের বলে শিবনারায়ন চন্দরপলের হাতে ধরা পড়েন। স্কোর বোর্ডে আর মাত্র ২৪ রান যোগের পর হাশিম আমলাও (৫) সাজ ঘরে ফিরে যান।
অধিনায়ক গ্রায়েম স্মিথ ৩৫ ও পল হ্যারিস ২ রানে অপরাজিত আছেন।
তিন ম্যাচের এ সিরিজে ১-০ তে এগিয়ে আছে দ. আফ্রিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৮৩০ঘ.
bdnews24