ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়ন মরগ্যানের অপরাজিত শতকে ন্যাটওয়েস্ট সিরিজের প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
সেইসঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে তারা।
সাউদাম্পটনের রোজবোল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। মাইকেল ক্লার্কের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ২৬৭ রান তোলে তারা।
জবাবে ইয়ন মর্গানের চমৎকার শতকে সহজেই তা টপকে যায় ইংল্যান্ড। চার ওভার হাতে রেখেই প্রয়োজনীয় ২৬৮ রান তুলে নেয় তারা ৬ উইকেট হারিয়ে।
অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হলেও দলীয় ৫২ রানে স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড হয়ে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন (৩২)। এরপর ৯৮ রানে টিম পেইন, অধিনায়ক রিকি পন্টিং ও ক্যামেরুন হোয়াইটকে হারিয়ে কিছূটা চাপে পড়ে যায় অজিরা।
খেলার এ অবস্থায় ক্লার্ক দলকে টেনে তোলেন এবং ২৬৭ রানের লড়াই করার মতো পুঁজি গড়তে সহায়তা করেন। ৮৭ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া জেমস হোপস করেন ৩৪ রান।
ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও লুক রাইট দু'টি করে উইকেট নেন।
২৬৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে দলীয় মাত্র ১৬ রানে উদ্বোধনী ব্যাটসম্যান অ্যান্ড্র্রু স্ট্রাউসকে হারায় ইংল্যান্ড। এরপর দলীয় ৯৭ রানে চার উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় তারা।
তবে ইয়ন মর্গানের চমৎকার শতক সে আশঙ্কা দূর করে দলকে জয়ে বন্দরে নিয়ে যায়। মর্গান ১০৩ রানে অপরাজিত ছিলেন। এছাড়া ক্রেগ কিসওয়েটার ৩৮ ও লুক হোয়াইট ৩৬ রান করেন।
রায়ান হ্যারিস ৪২ রান দিয়ে তিন উইকেট নেন।
ম্যাচ সেরা হন ইয়ন মর্গান।
সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ২৪ জুন বৃহস্পতিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএমএইচ/১৯৫০ঘ.
bdnews24