২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রয়ের পথে সেন্ট কিটস টেস্ট

সেন্ট কিটস টেস্টের চতুর্থদিন সোমবার দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় পালায় কোনো উইকেট না হারিয়ে রান তুলেছে ২৩। ফলে তারা এখন এগিয়ে আছে ২০ রানে। অলৌকিক কোনো কিছু না ঘটলে ম্যাচটি যে অমীমাংসিতভাবে শেষ হবে, তা এখনই বলে দেয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 11:49 AM

Updated : 25 Aug 2022, 12:38 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেন্ট কিটস টেস্টের চতুর্থদিন সোমবার দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় পালায় কোনো উইকেট না হারিয়ে রান তুলেছে ২৩। ফলে তারা এখন এগিয়ে আছে ২০ রানে। অলৌকিক কোনো কিছু না ঘটলে ম্যাচটি যে অমীমাংসিতভাবে শেষ হবে, তা এখনই বলে দেয়া যায়। দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৫৪৩ রান করে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে প্রথম পালায় ৫৪৬ রান করলে ৩ রানে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে দ্বিতীয় পালায় দক্ষিণ আফ্রিকা ১১ ওভার ব্যাট করার সুযোগ পায়। তাদের ২৩ রানের মধ্যে ১৩ এসেছে উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক গ্রায়েম স্মিথের ব্যাট থেকে। আর ৮ রান করে অপরাজিত রয়েছেন অ্যালভেরো পিটারসেন। এর আগে ৪ উইকেটে ৪২৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল ও ব্রাভো। চন্দরপল তার ১৫১ রানের ইনিংসটিকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। আর মাত্র ১৫ রান যোগ করেন তিনি তার ব্যক্তিগত রানের সঙ্গে। দলীয় ৪৭১ রানের মাথায় ১৬৬ রান করে চন্দরপল পল হ্যারিসের বলে তারই হাতে ধরা পড়েন। তিনি চার মেরেছেন দশটি। এছাড়া হাওয়ায় ভাসিয়ে দড়ির ওপারে বল পাঠিয়েছেন একবার। ব্রাভো তার ২১ রানের ইনিংসটিকে ৫৩ রানে টেনে নিয়ে গিয়ে থামেন। ৪৮৬ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। এর আগেই অবশ্য বিদায় নেন দিনেশ রামদিন। দলের সঙ্গে কোনো রান যোগ না হতেই শেন শিলিংফোর্ড ফিরে গেলে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার রান টপকে যেতে পারবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু ৯ নম্বর ব্যাটসম্যান সুলেইমান বেন ২৬ ও ১০ নম্বর ব্যাটসম্যান রবি রামপল ৩১ রান করলে ওয়েস্ট ইন্ডিজের রান দক্ষিণ আফ্রিকাকে ছাড়িয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে চার উইকেট নেন মর্নে মর্কেল ১১৬ রানে। এছাড়া ১৬৫ রান দিয়ে দুই উইকেট নেন পল হ্যারিস। প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ তে এগিয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭০৩ ঘ.