ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেন্ট কিটস টেস্টের প্রথম পালায় ওয়েস্ট ইন্ডিজ এক উইকেটে করেছে ৮৬ রান। এখনো ৪৫৭ রানে পিছিয়ে থাকলেও স্বাগতিকদের হাতে আছে ৯ উইকেট।
দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম পালা ঘোষণা করে ছয় উইকেটে ৫৪৩ রান তুলে। শতক হাঁকান এবি ডি ভিলিয়ার্স ও জ্যাক ক্যালিস। এছাড়া আগেরদিন ১৩২ রানের একটি চমৎকার ইনিংস খেলেন অধিনায়ক গ্রায়েম স্মিথ।
জবাব দিতে নেমে ১৩ রানের মাথায় ট্রাভিস ডাওলিনের (১০) উইকেট হারালে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রাথমিক এই ধাক্কা ঠিকই সামাল দেন অধিনায়ক ক্রিস গেইল ও নরসিং দেওনারায়ন। গেইল ৪২ ও দেওনারায়ন ৩৩ রানে অপরাজিত রয়েছেন।
ডাওলিনের উইকেটটি নেন মর্নে মর্কেল। ছয় ওভার বল করে ২৯ রান দেন তিনি।
এর আগে তিন উইকেটে ২৯৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। জ্যাক ক্যালিস তার ৪৫ রানের ইনিংসকে টেনে নিয়ে গিয়ে থামেন ১১০ রানে। দলীয় ৪২১ রানের মাথায় শেন শিলিংফোর্ডের বলে রবি রামপলের হাতে ধরা পড়ে বিদায় নেন তিনি। ক্যালিস তার টেস্ট জীবনের ৩৪তম শতকে পৌঁছান ২১৭ বলে, ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে। তিনি তার ২২৭ বলের ইনিংসটি সাজান ১২টি চার ও একটি ছক্কা দিয়ে।
এবি ডি ভিলিয়ার্সও তার ৭ রানের ইনিংসটি টেনে নিয়ে যান ১৩৫ রানে। তার ১৬৮ বলের হার না মানা ইনিংসে চার রয়েছে ১৩টি ও ছক্কা ৬টি। ভিলিয়ার্স তার টেস্ট জীবনের নবম শতকে পৌঁছান ১৩০ বলে ১৩টি চার ও তিনটি ছক্কার সাহায্যে।
এর আগে মার্ক বাউচার ১৭ রান করে দুর্ভগ্যজনক রান আউটের শিকার হন। এছাড়া ডেল স্টেইন অপরাজিত ছিলেন ২০ রানে।
শিলিংফোর্ড তিন উইকেট নেন ১৯৩ রানে।
তিন টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৩৮ ঘ.
bdnews24