ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাড্ডাহাড্ডি লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত।
২৪ জুনের ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা।
শনিবার রনগিরি ডাম্বুলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান সালমান বাট ও কামরান আকমলের অর্ধশতকে ২৬৭ রানের লড়িয়ে পুঁজি গড়ে। তবে পুরো ৫০ ওভার খেলতে পারেনি তারা। ৪৯ ওভার ৩ বলেই অলআউট হয়ে যায়।
জবাব দিতে নেমে গৌতম গম্ভীর ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অর্ধ শতকে ৭ উইকেট হারিয়ে ১ বল থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
সতর্কতার সঙ্গেই ব্যাটিং শুরু করে পাকিস্তান। কিন্তু দলীয় ৭১ রানের মাথায় হরভজন সিংয়ের বলে শেবাগের হাতে ধরা পড়ে বিদায় নেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান ফরহাত (২৫)। তবে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট খেলা চালিয়ে যান। এ সময় তাকে যোগ্য সঙ্গ দেন শোয়েব মালিক।
কিন্তু দলীয় ১৪৪ ও ১৪৬ রানে যথাক্রমে শোয়েব ও সালমান সাজঘরে ফিরে গেলে চাপে পড়ে যায় পাকিস্তান।
সালমান ৯ টি চারের সাহায্যে ৮৫ বলে ৭৪ রান করেন।
এছাড়া কামরান আকমল ৫১, শোয়েব মালিক ৩৯ ও অধিনায়ক শহিদ আফ্রিদি ৩২ রান করেন।
ভারতের পক্ষে প্রবীণ কুমার ৫৩ রান দিয়ে তিন উইকেট নেন। এছাড়া দু'টি করে উইকেট নেন হরভজন সিং ও জহির খান।
জবাবে শুরুটা ভালোই করে ভারত। দলীয় ৪৭ রানের মাথায় আব্দুল রাজ্জাকের বলে উইকেটের পেছনে ধরা পড়ে বীরেন্দর শেবাগ (১০) সাজঘরে ফিরলেও গম্ভীর সচল রাখেন স্কোর বোর্ড।
সাঈদ আজমলের বলে বোল্ড হওয়ার আগে বিরাট কোহলি করেন ১৮ রান। দলীয় রান তখন ২ উইকেটে ৮২।
এরপর পাকিস্তানি বোলারদের হতাশায় ডুবিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান গম্ভীর (৮৩) ও অধিনায়ক ধোনি (৫৬)।
কিন্তু দলীয় ১৮০ রানের মাথায় আজমলের বলে বোল্ড হয়ে যান গম্ভীর। এর কিছু পরে রোহিত শর্মাকে এলবিডাব্লুর ফাঁদে ফেলেন অধিনায়ক আফ্রিদি। পরের ওভারে ধোনিকে বোল্ড করে খেলা জমিয়ে দেন শোয়েব মালিক।
২১০ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ায় ভারতের সহজ জয় ক্রমেই কঠিন হয়ে পড়ে। যদিও সুরেশ রায়না বেশ ভালোভাবেই দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন। কিন্তু রবীন্দ্র জাদেজাকে বোল্ড করে আজমল পাকিস্তানকে আবারও খেলায় ফিরিয়ে আনেন।
শেষ পর্যন্ত ভারতের জন্য জয়ের সমীকরণ দাঁড়ায় শেষ পাঁচ বলে ছয় রানের। কিন্তু দ্বিতীয় বলেই রানআউট হয়ে যান রায়না। তিনি ২৭ বলে দ্রুত ৩৪ রান করেন।
এ রকম একটি নাটকীয় পরিস্থিতিতে ম্যাচের সমাপ্তি ঘটান হরভজন সিং। ওভারের পঞ্চম বলে ছক্কা মেরে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।
ম্যাচ সেরার পুরস্কার পান ৯৭ বলে ৮৩ রান করা গৌতম গম্ভীর।
পাকিস্তান সোমবার আনুষ্ঠানিকতার ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/এটি/এএমএইচ/০০১২ ঘ.
bdnews24