ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেন্ট কিটস টেস্টের প্রথমদিন শেষে অধিনায়ক গ্রায়েম স্মিথের শতকের সুবাদে দক্ষিণ আফ্রিকা তুলেছে ২৯৬ রান, ৩ উইকেটে।
ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমেই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হন। রান তুলতে থাকেন দ্রুত গতিতে।
দলীয় ৯৯ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালভিরো পিটারসেন (৫২) সাজঘরে ফিরে গেলেও হাশিম আমলাকে নিয়ে খেলে যেতে থাকেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান স্মিথ। ২১১ রানের মাথায় শিলিংফোর্ডের বলে ব্রাভোর হাতে ধরা পড়ে বিদায় নেন আমলা (৪৪)। দলের সঙ্গে আরো ৭২ রান যোগ হওয়ার পর কেমার রোচের বলে সরাসরি বোল্ড হন স্মিথ। কিন্তু এর আগেই শতক আদায় করে নেন তিনি। তার ১৩২ রানের ইনিংসে চার রয়েছে ৯টি, ছক্কা ৩টি।
এরপর জ্যাক ক্যালিস ও এবি ডি ভিলিয়ার্স নিরাপদেই দিনটি পার করে দেন। ক্যালিস ৪৫ রান নিয়ে ব্যাট করছেন। ভিলিয়ার্স করেছেন ৭।
তিন টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০১০ ঘ.
bdnews24