ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েদের তৃতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা জিতেছে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ 'বি' দল। ফাইনালে তারা ২৫ রানে হারিয়েছে পার গেন্ডারিয়া নন গভর্নমেন্ট প্রাইমারি অ্যান্ড জুনিয়র হাইস্কুলকে।
আগে ব্যাট করা ভিকারুন্নেসা নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে তোলে ১১৬ রান। জবাবে ৮ উইকেট হারিয়ে ৯১ রানে গুটিয়ে যায় পার গেন্ডারিয়া।
বৃহস্পতিবার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক পিংকি সানওয়ার ও মরিয়মের ব্যাটে ভর করে পার গেন্ডারিয়াকে ১১৭ রানের লক্ষ্য বেঁধে দেয় ভিকারুন্নেসা 'বি' দল।
পিংকি করেন ২৬ রান। এছাড়া ২৪ রানে অপরাজিত থাকেন মরিয়ম। সবচেয়ে বেশী ২৯ রান এসেছে অতিরিক্ত থেকে।
ইশমা আক্তার ১৫ রানে পান দুই উইকেট। এছাড়া নাসরিন আক্তার একটি উইকেট নেন ২৯ রান খরচ করে।
জবাবে ভিকারুন্নেসার মারাত্মক বোলিংয়ে শুরুতেই খেই হারিয়ে ফেলে পার গেন্ডারিয়া। নিয়মিত উইকেট হারানোয় জয়ের লক্ষ্য থেকে ছিটকে পড়ে তারা । কেবল নাজমুন নাহার ও পিংকি আক্তার দুই অংকের রানের কোঠায় পৌঁছান।
নাজমুন নাহার তোলেন ২১ রান। পিংকি করেন ১২। অতিরিক্ত থেকে ৪৭ রান পেয়েছে পার গেন্ডারিয়া।
তাসনিম জেরিন ১২ রানে তিন উইকেট নেন। মরিয়ম ও নাজিফা তাবাস্সুম নেন দু'টি করে উইকেট।
ম্যাচ সেরা বিবেচিত হন মরিয়ম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এনআই/১৮৪৫ ঘ.
bdnews24