ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ফলোওয়ান এড়াতে লড়ছে বাংলাদেশ। তৃতীয়দিন শেষে সাত উইকেট হারিয়ে তারা তুলেছে ২৩৭ রান। ফলোওয়ান এড়াতে আরো প্রয়োজন ৬৯ রান, হাতে আছে তিন উইকেট।
প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৫০৫ রান তোলে ইংল্যান্ড। ফলে সফরকারীরা পিছিয়ে আছে ২৬৮ রানে।
৭ রান নিয়ে ব্যাট করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সঙ্গে আছেন শাহাদাত হোসেন ৩ রানে।
আগের দিনের দুই উইকেটে ১৭২ রান নিয়ে তৃতীয়দিন ব্যাট করতে নামে দুই অপরাজিত ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী ও মোহাম্মদ আশরাফুল।
দলের সঙ্গে মাত্র ১৯ রান যোগ হতেই বিদায় নেন তিন ব্যাটসম্যান। স্টিভ ফিনের বলে ম্যাট প্রায়রের হাতে ধরা পড়েন জুনায়েদ ৫৮। একই বোলারের বলে এলবিউব্লুয়ের ফাঁদে পড়েন আশরাফুল ৪ রানে। জেমস অ্যান্ডারসনের বলে প্রায়রের হাতে ক্যাচ দিয়ে তাদের সঙ্গী হন জহুরুল ইসলাম ২০।
ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগার্সরা। তবে অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে কিছুটা আশার সঞ্চার হলেও দলীয় স্কোরকে বেশি দূর নিয়ে যেতে পারেননি তারা। দলীয় ২৩৪ রানের মধ্যে বিদায় নেন সাকিব ২৫ ও মুশফিক ১৬ রানে।
স্টিভ ফিন চার উইকেট নেন ৭৫ রানে। এছাড়া দু'টি উইকেট নেন জেমস অ্যান্ডারসন, ৬১ রানে।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/এনআই/২৩৪৫ ঘ.
bdnews24