২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমান তালে পাল্লা দিচ্ছে বাংলাদেশ

লর্ডস টেস্টে ইংল্যান্ডের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে বাংলাদেশ। দ্বিতীয়দিন শেষে তামিম ইকবাল ও জুনাইদ সিদ্দিকীর অপরাজিত অর্ধ-শতকের সুবাদে প্রথম ইনিংসে রান তুলেছে ১৭২, দুই উইকেটে। ফলে এখনো পিছিয়ে আছে ৩৩৩ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 10:56 AM

Updated : 25 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লর্ডস টেস্টে ইংল্যান্ডের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে বাংলাদেশ। দ্বিতীয়দিন শেষে তামিম ইকবাল ও জুনাইদ সিদ্দিকীর অপরাজিত অর্ধ-শতকের সুবাদে প্রথম ইনিংসে রান তুলেছে ১৭২, দুই উইকেটে। ফলে এখনো পিছিয়ে আছে ৩৩৩ রানে। উইকেটে আছেন জুনাইদ ৫৩ রান নিয়ে। এছাড়া ১৬ রানে অপরাজিত রয়েছেন জহুরুল ইসলাম। যদিও খেলেছেন ৫৩ বল। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস ৮৮ রান তুলে দলকে চমৎকার একটি ভিত্তি গড়ে দেন। দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হলেও তামিম তার অর্ধ-শতক ঠিকই আদায় করে নেন। ৬২ বলে করেন ৫৫, আটটি চারের সাহায্যে। অপর ব্যাটসম্যান ইমরুল কায়েস সাজঘরে ফেরেন ১৩৪ রানের মাথায়। স্টিভেন ফিনের বলে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের হাতে ধরা পড়ার আগে করেন ৪৩। চার মেরেছেন ছয়টি। এর আগে জোনাথন ট্রটের দ্বি-শতকের ওপর ভর করে লর্ডসে প্রথম টেস্টের দ্বিতীয়দিন প্রথম দফায় ইংল্যান্ড রান করেছে ৫০৫, সব উইকেট হারিয়ে। যদিও পাঁচ উইকেট নিয়েছেন পেসার শাহাদাত হোসেন। প্রথমদিন চার উইকেটে ৩৬২ রান নিয়ে শুক্রবার দিনের খেলা শুরু করেন ইংল্যান্ডের দুই অপরাজিত ব্যাটসম্যান ট্রট ১৭৫ রান নিয়ে, ইয়ন মর্গান অপরাজিত ছিলেন ৪০ রানে। তিনি তার রানের সঙ্গে আর মাত্র ৪ রান যোগ করে সাজঘরে ফিরে যান, শাহাদাত হোসেনের বলে উইকেটের পেছনে ধরা পড়ে। অফ-স্ট্যাম্পের বাইরের বলটি পুশ করেন মর্গান। কিন্তু বলটি তার ব্যাটে চুমু খেয়ে জমে যায় মুশফিকুর রহিমের হাতে। তখন দলের রান ছিল ৩৭০। দিনের শুরুতে মর্গানের উইকেট হারালেও ট্রট-মর্গান জুটিতে রান ওঠে ১১২। মর্গান ৪৪ রান করে ফিরে গেলেও ব্যাট করে যেতে থাকেন ট্রট। আদায় করে নেন টেস্ট জীবনের প্রথম দ্বি-শতক, ৩১৮ বলে। চার মেরেছেন ১৮টি। একটি শতকও আছে তার। ট্রট তার বেশিরভাগ রান করেন থার্ডম্যান অঞ্চল দিয়ে। শাহাদাত হোসেন তা বুঝতে পেরে অ্যারাউন্ড দ্য উইকেট বল করেন। ট্রটও খেলে বসেন। কিন্তু এবার আর গ্যাপ খুঁজে পাননি। আর বলটি ঠিকানা খুঁজে নেয় ইমরুল কায়েসের হাতে। দলীয় ৪৭৮ রানের মাথায় আউট হওয়ার আগে ২২৬ রান করেন, ৩৪৯ বলে। তিনি তার ইনিংসটি সাজান ২০টি চার দিয়ে। এর আগে ভালোই খেলছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাট প্রায়র (১৬)। কিন্তু দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন তিনি ৩৭০ রানের মাথায়। টিম ব্রেসন্যান করেন ২৫ রান। ট্রটের ফিরে যাওয়ার পর আর বেশি দূর এগুতে পারেনি ইংল্যান্ড। গ্রায়েম সোয়ান (২২) বিদায় নেন ৪৯৮ রানের মাথায়। শেষ ব্যাটসম্যান হিসেবে জেমস অ্যান্ডারসন যখন সাজঘরের পথ ধরেন তখন ইংল্যান্ডের রান পাঁচ শ'র কোঠা ছাড়িয়ে গেছে। এই অ্যান্ডারসনের উইকেটটি নিয়ে শাহাদাত দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নিলেন। এর আগে তিনি ৬ উইকেট নিয়েছিলেন ২৭ রানে। শাহাদাত পাঁচ উইকেট নিয়েছেন, ৯৮ রানে। এছাড়া বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ১০৯ রানে নেন দুই উইকেট। বৃহস্পতিবার টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান। দুই টেস্টের সিরিজের দ্বিতীয়টি হবে ম্যানচেস্টারে, শুরু হবে ৪ জুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/সিজি/২৩৪৮ ঘ.