২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রটের শতকে এগিয়ে চলেছে ইংল্যান্ড

প্রাথমিক বিপদ শুধু সামাল দিয়েই ওঠেনি ইংল্যান্ড, বরং সুসংহত করে তুলেছে নিজেদের অবস্থান। জোনাথন ট্রটের শতকের ওপর ভর করে প্রথম পালায় চা-বিরতি পর্যন্ত রান তুলেছে ২৩১, তিন উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 03:11 PM

Updated : 25 Aug 2022, 11:15 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রাথমিক বিপদ শুধু সামাল দিয়েই ওঠেনি ইংল্যান্ড, বরং সুসংহত করে তুলেছে নিজেদের অবস্থান। জোনাথন ট্রটের শতকের ওপর ভর করে প্রথম পালায় চা-বিরতি পর্যন্ত রান তুলেছে ২৩১, তিন উইকেটে। ট্রট ব্যাট করছেন ১০৭ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটসম্যান ইয়ান বেল করেছেন ৩। লর্ডসে টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান। দলের মাত্র ৭ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুক শাহাদাত হোসেনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান। বলটি বাতাসে বাঁক নেয়ায় ঠিক মতো খেলতে পারেননি তিনি। সরাসরি আঘাত হানে প্যাডে। আঙ্গুলও তোলেন আম্পায়ার। কিন্তু টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বলটি চলে যেত স্ট্যাম্পের ওপর দিয়ে। এজন্য অবশ্য মন খারাপ করতেই পারেন তিনি। এই ৭ রানই আসে কুকের ব্যাট থেকে। কিন্তু অপর উদ্বোধনী ব্যাটসম্যান অ্যান্ড্রু স্ট্রাউস ও ট্রট দলের সঙ্গে ১৮১ রান যোগ করে বিপদ শুধু সামালই দেননি, শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যান দলকে। অধিনায়ক স্ট্রাউস ৮৩ রান করে মাহমুদুল্লাহ রিয়াদের বলে বোল্ড হলেও খেলে যেতে থাকেন ট্রট। আদায় করে নেন ক্রিকেট জীবনের দ্বিতীয় শতক ১৩৩ বলে, ১২টি চারের সাহায্যে। স্ট্রাউস খুবই বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছেন। মাহমুদুল্লাহর বলটি মোটেও কাট করার মতো ছিল না। বরং ছিল শরীরের একেবারে কাছে। ফলে যা হওয়ার তাই হয়েছে। বলটি তার ব্যাটের ভেতরের দিকের কানায় লেগে আঘাত হানে স্ট্যাম্পে। কেভিন পিটারসেনের দুঃসময় কাটছেই না। মাত্র ১৮ রান করে সাকিবের বলে বল্ড হন তিনি। অফ-স্ট্যাম্পের বাইরে ধীর গতির ফ্লাইটেড বলটি লেগের দিকে সরে গিয়ে গায়ের জোরে ড্রাইভ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটকে ফাঁকি দিয়ে বলটি আঘাত হানে পিটারসেনের অফ-স্ট্যাম্পে। তখন দলের রান ছিল ১৮৮। বাংলাদেশ অধিনায়ক নিজেকেসহ পাঁচ বোলার ব্যবহার করেছেন। একটি উইকেট নিয়েছেন শাহাদাত হোসেন, সাকিব ও মাহমুদুল্লাহ। এজন্য শাহাদাত রান দিয়েছেন ২৮। সাকিব ৫২ ও মাহমুদুল্লাহ ১৯। দুই টেস্টের সিরিজের দ্বিতীয়টি হবে ম্যানচেস্টারে, শুরু হবে ৪ জুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৫৩ ঘ.