লন্ডন, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে মাঠে নামতে পারবেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আগামী সপ্তাহে লর্ডসে সিরিজের প্রথম টেস্ট শুরু হতে যাচ্ছে।
কোচ জেমি সিন্ডস বলেন, "সাকিব অবশ্যই মাঠে ফিরবেন।" খেলার আগেই সুস্থ হয়ে উঠবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ইংল্যান্ডে পৌঁছানোর পর জ্বর হয় বিশ্বের অন্যতম সেরা টেস্ট অলরাউন্ডার সাকিবের। এসেক্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি। ম্যাচে অবশ্য তার দল হেরে গেছে। তারপর জলবসন্তে আক্রান্ত হন তিনি।
ইংল্যান্ড লায়ন্স ক্লাবের বিপক্ষে অপর প্রস্তুতি ম্যাচে দলের নেতৃত্ব দেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তবে তিনি বিশ্বাস করেন টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে হার-জিত নির্ভর করছে অধিনায়কের মাঠে ফেরার ওপর।
তামিম ইকবালকে নিয়েও সংশয় রয়ে গেছে। প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তার বদলে খেলেন শামসুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯১৩ ঘ.
bdnews24