ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত খেলায় অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ইংল্যান্ড।
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ বল হাতে রেখেই ৩ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড।
আগে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান করে, ৬ উইকেটে।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল লাম্বের (২) উইকেটটি হারায় ইংল্যান্ড। কিন্তু কেভিন পিটারসেনকে নিয়ে অপর উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেগ কিসওয়েটারের দ্বিতীয় উইকেটে শতরানের জুটি-ই ক্রিকেটে ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেয়।
কিসওয়েটার ৭ চার ও ২ ছক্কায় ৬৩ রান করেন, ৪৯ বল খেলে। অপরদিকে ৩১ বলে ৪৭ রান করেন পিটারসেন। ৪টি চার ও ১ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।
এছাড়া পল কলিংউড ১২ ও ইয়ন মর্গান ১৫ রানে অপরাজিত থাকেন।
শন টেইট, মিচেল জনসন ও স্টিভেন স্মিথ প্রত্যেকেই একটি করে উইকেট নেন।
বার্বাডোজের কেনসিংটন ওভালে রোববার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অসিরা। মাত্র ৮ রানেই তিন উইকেট খুইয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন (২) ও ডেভিড ওয়ার্নারের (২) সঙ্গে সাজঘরে ফিরে যান ব্রাড হাডিন (১)।
দলীয় ৪৫ রানে মাইকেল ক্লার্কও (২৭) ফিরে গেলে অসিদের বড় স্কোর গড়ার সম্ভাবনা হোঁচট খায়। তবে দলীয় ইনিংসকে সম্মানজনক স্থানে নেয়ার লক্ষ্যে অবিচল থাকা ডেভিড হাসির সঙ্গে ক্যামেরোন হোয়াইটের ঝড়ো ইনিংসে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে অস্ট্রেলিয়া।
কিন্তু লুক রাইটের বলে ব্রডের কাছে ধরা পড়েন হঠাৎ ব্যাটে ঝড় তোলা হোয়াইট। দলের রান তখন ৫ উইকেটে ৯৫। ফলে অস্ট্রেলিয়ার বড় স্কোরের শেষ সম্ভাবনাটুকুও মিইয়ে যায়। ২১ বলে ৩০ রান করেন হোয়াইট।
ডেভিড হাসি দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংসটি খেলেন । এছাড়া মাইক হাসি ১৭ রানে অপরাজিত থাকেন।
রায়ান সাইডবটম দু'টি উইকেট নেন। এছাড়া গ্রায়েম সোয়ান ও লুক রাইট একটি করে উইকেট পান।
শিরোপার সঙ্গে ম্যাচ সেরা (ক্রেগ কিসওয়েটার) ও টুর্নামেন্ট সেরা (কেভিন পিটারসেন) দু'টি পুরস্কারই ইংল্যান্ডের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/০১০১ ঘ.
bdnews24