ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে সোমবার নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।
টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৪৯ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্য টপকে পৌঁছে যায় ১৫৩ রানে, ৭ উইকেট হারিয়ে। তখনো হাতে ছিল ৫ বল।
সেন্ট লুসিয়ায় নিউজিল্যান্ডের পক্ষে সব চেয়ে বেশি ৪৪ বলে ৪৪ রান করেন রস টেলর। ব্রেন্ডন ম্যাককালাম ৩৩, স্কট স্টাইরিস ৩১ ও অ্যারন রেডমন্ড ১৬ রান করেন।
গ্রায়েম সোয়ান ৩১ ও স্টুয়ার্ট ব্রড ৩৩ রানে উইকেট নেন ২টি করে। এছাড়া একটি করে উইকেট নেন টিম ব্রেসনান ২০ ও রায়ান সাইডবোটম ৩৫ রানে।
ইংল্যান্ডের এউইন মর্গান সর্বোচ্চ ৪০ রান করেন, ৪১ বল খেলে। মাইকেল লাম্ব সাজঘরে ফেরার আগে সংগ্রহ করেন ৩২। দলীয় স্কোরে লাক রাইট ২৪ ও ক্রেগ কিয়েসওয়েটার ১৫ রান যোগ করেন। আর টিম ব্রেসনান খেলেন হার না মানা ২৩ রানের ইনিংস।
স্কট স্টাইরিস ১৬ ও শেন বন্ড ২৯ রান দিয়ে ২টি করে উইকেট নেন। ড্যানিয়েল ভেট্টোরি ২৪, কাইল মিলস ৩২ ও নাথান ম্যাককালাম ৩৭ রানে একটি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হন ইংল্যান্ডের টিম ব্রেসনান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১২১০ ঘ.
bdnews24