ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ১১ রানে হেরেছে পাকিস্তানের কাছে। ১৪৯ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমে যায় ৭ উইকেটে ১৩৭ রানে।
প্রথমে ব্যাট করে পাকিস্তান রান তোলে ১৪৮, ৭ উইকেটে।
এই হারের ফলে দক্ষিণ আফ্রিকাকে বিদায় নিতে হলো প্রতিযোগিতা থেকে।
সেন্ট লুসিয়ায় জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকা কখনোই পাকিস্তানের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি। দলের পক্ষে সবচেয়ে বেশি ৪১ বলে ৫৩ রান করেন এবি ডি ভিলিয়ার্স। এছাড়া ২১ বলে ২২ রান করেন জ্যাক ক্যালিস, জোহান বোথা ৮ বলে ১৯ ও অধিনায়ক গ্রায়েম স্মিথ করেন ১৩, খেলেছেন ১৩ বল।
পাকিস্তানি বোলারদের মধ্যে চার উইকেট নেন সাঈদ আজমল, ২৬ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে পাকিস্তান। মাত্র ১৮ রানের মাথায় হারিয়ে বসে তিন উইকেট। এ অবস্থায় হাল ধরে বিপদ সামাল দেন কামরান আকমল ও উমর আকমল। দু'জনে মিলে দলের রানের সঙ্গে যুক্ত করেন ৫১।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৩ বলে ৫১ রান করেন উমর। এছাড়া কামরান আকমল ৩৭ রান করেন ৩৩ বলে। অধিনায়ক শহিদ আফ্রিদি ১৮ বলে ৩০ ও আব্দুল রাজ্জাক ১০ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। বাকি পাঁচ ব্যাটসম্যনের কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে চার উইকেট নেন চার্ল ল্যাঙ্গেভেল্ট, ১৯ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/সিজি/২২৫০ ঘ.
bdnews24