ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় একদিনের ক্রিকেট প্রতিযোগিতার চতুর্থ ম্যাচে বাংলাদেশ 'এ' দল ৬ উইকেটে হেরেছে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে। বাংলাদেশের করা ২৪৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা এক ওভার হাতে রেখেই ২৪৬ রান তোলে, চার উইকেটে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকরা টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। উদ্বোধনী ব্যাটসম্যান নাজিমুদ্দিন ও রকিবুল হাসানের ইনিংস দু'টির সুবাদে ৪৯.২ ওভারে সবক'টি উইকেট হারানোর আগে ২৪৩ রান তোলে।
নাজিমুদ্দিন ৭টি চার ও ১ ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬১ রান করেন, ৬৪ বল খেলে। রকিবুল করেন ৩৭ রান। তার ইনিংসে চারটি বাউন্ডারির মার ছিল। এছাড়া ফয়সাল হোসেন ও ধীমান ঘোষ প্রত্যেকেই ২৭ রান করে দলীয় ইনিংসে যোগ করেন।
ডি এলগার ৩৯ রানে দুই উইকেট নেন। এছাড়া এল সতসোবেও দুই উইকেট পান ৪৯ রান খরচে।
২৪৪ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান এস ভ্যান জিল ও ডি এলগারের ব্যাটে চড়ে সহজ জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
ভ্যান জিল ১০৯ রানে এবং এলগার ৫৭ রানে অপরাজিত থাকেন।
নূর হোসেন, শামসুর রহমান, নাবিল সামাদ ও সাকলায়েন সজিব প্রত্যেকের ঝুলিতেই একটি করে উইকেট জমা পড়ে।
ম্যাচ সেরা বিবেচিত হন ভ্যান জিল (দক্ষিণ আফ্রিকা)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/১৯৫৫ ঘ.
bdnews24