২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রায়নার শতকে ভারতের জয়

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ১৪ রানে হার মেনেছে ভারতের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 01:37 PM

Updated : 24 Aug 2022, 09:04 PM

ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ১৪ রানে হার মেনেছে ভারতের কাছে। জেতার জন্য ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমে যায় ৫ উইকেটে ১৭২ রানে। প্রথমে ব্যাট করে সুরেশ রায়নার শতকের (১০১ রান) ওপর ভর করে ১৮৬ রান করে ভারত, ৫ উইকেটে। সেন্ট লুসিয়ায় রোববার জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক ক্যালিস ৫৪ বলে ৭৩ রান করার পরও দক্ষিণ আফ্রিকা ইনিংসের কোনো পর্যায়ে পাল্লা দিয়ে এগুতে পারেনি। শেষের দিকে এবি ডি ভিলিয়ার্স ১৫ বলে ৩১ ও অ্যালবি মর্কেল ৭ বলে ১২ রান করলে হারের ব্যবধানই কেবল কমে, তবে জয়ের আশা কখনোই জাগিয়ে তুলতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। এছাড়া দলনায়ক গ্রায়েম স্মিথ ৩৬ রান করেন ১৮ বলে। ভারতের বোলারদের মধ্যে ইউসুফ পাঠান দুই উইকেট নেন, ৪২ রানে। এর আগে টস জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে পাঠায় ভারতকে। কিন্তু প্রথম ওভারে ৪ রানের মাথায় মুরালি বিজয় (০) সাজঘরে ফিরে গেলে ভারত সাবধানতার সঙ্গে ব্যাট করতে থাকে। দুই উইকেটে ৫০ রান তোলে ৮ ওভার ৩ বলে। এর আগে ৩২ রানের মাথায় বিদায় নেন দিনেশ কার্তিক (১৬)। তৃতীয় উইকেট জুটিতে সুরেশ রায়না ও যুবরাজ সিং রীতিমতো ঝড় তোলেন। ফলে ভারত ১০০ রানে পৌঁছায় ১৩ ওভার ১ বলে। যুবরাজ ৩০ বলে ৩৭ রান করে ফিরে গেলেও রায়না নামের ঝড় চলতে থাকে। দলীয় ১৭৮ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে নিজের শতক আদায় করে নেন রায়না। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি তার প্রথম শতকে পৌঁছান ৫৯ বলে, ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে। শেষ পর্যন্ত ৬০ বলে ১০১ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। ইনিংসের শেষের দিকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মাত্র ৬ বলে অপরাজিত ১৬ রান করলে ভারতের রান ১৮০-এর কোঠা ছাড়িয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে দুই উইকেট নেন ররি ক্লেইনভেলট, ৪৮ রানে। এছাড়া একটি করে উইকেট নেন ডেল স্টেইন, অ্যালবি মর্কেল ও জ্যাক ক্যালিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২৫৪ ঘ.