২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

আয়ারল্যান্ডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৩৯ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ৬৮-তে। পুরো ২০ ওভারও খেলতে পারেনি, খেলেছে ১৬ ওভার ৪ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 11:00 PM

Updated : 24 Aug 2022, 08:59 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৩৯ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ৬৮-তে। পুরো ২০ ওভারও খেলতে পারেনি, খেলেছে ১৬ ওভার ৪ বল। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৩৮ রান করে, ৯ উইকেটে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় শুক্রবার জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে গ্যারি উইলসন ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অংকের কোঠায় যেতে পারেনি। তিনি ১৭ রান করেন ৩৪ বলে। এছাড় ১৯ রান আসে অতিরিক্ত থেকে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন ডারেন সামি ও রবি রামপল। এজন্য সামির খরচ হয় ৮ রান। রামপল দেন ১৭। এর আগে টস জিতে ব্যটিংয়ে নেমে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের শুরুটা খুব একটা ভালো হয়নি। ১৯ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপলের উইকেটটি হারায় তারা। ১২ বলে ১৪ রান করে ডব্লিউ বি র‌্যানকিনের বলে জি সি উইলসনের হাতে ধরা পড়ে বিদায় নেন চন্দরপাল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা থামেনি। দ্বিতীয় উইকেট জুটিতে ঝড়ের গতিতে রান তুলতে থাকেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার ও ওয়ানডাউন ডি ব্রাভো। ৪৩ রানের মাথায় ব্রাভো ১০ বলে ১৮ রান করে এ আর কুস্যাকের বলে তারই হাতে ধরা পড়লে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ফ্লেচার ও রামনরেশ সারোয়ানকে ইনিংস মেরামতের কাজে নামতে হয় বলে রান তোলার গতি কমে যায়। কিন্তু ইনিংস মেরামত করা আর হয়ে ওঠেনি তাদের পক্ষে। বরং দলকে আরো বিপদে ফেলে সাজঘরে ফেরেন তারা। ৭৭ রানের মাথায় বিদায় নেন দু'জনেই। সারোয়ান করেন ২৬ বলে ২৪ ও ১৯ রান করেন ফ্লেচার, খেলেন ২২ বল। উইকেট দু'টিই নেন জি ডকরেল। দিনেশ রামদিন ৮৩ রানের মাথায় আউট হলে খাদের কিনারায় চলে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৯৩ রানের মাথায় নরসিং দেওনারায়ন (১০ রান) ফিরে গেলে খাদের কিনারা থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়ে। কিন্তু ডারেন সামি ১৭ বলে ৩০ রান করলে লড়াই করার মতো পূঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে ডকরেল ৩ উইকেট নেন, ১৬ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন র‌্যানকিন, কুস্যাক ও আন্দ্রে বোথা। ম্যাচ সেরা হয়েছেন ডারেন সামি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০৬৩০ ঘ.