ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফরকারী দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে চারদিনের প্রথম ম্যাচে ইনিংস ও চার রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ 'এ' দল।
বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৪৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৬৭৬ রানে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ৩২৬ রানে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে তিন উইকেটে ১৪৮ রানে হারের মুখে থাকা বাংলাদেশকে চতুর্থ দিনে ড্র এনে দিতে পারেননি ব্যাটসম্যানরা।
মধ্যাহ্ন বিরতির আগে ভাল ব্যাট করেও শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় পরাজয়ই মেনে নেয় স্বাগতিকরা।
তৃতীয় দিনের ১৭ রান নিয়ে শুরু করা নাজিম উদ্দিন সর্বোচ্চ ৮২ রানের ইনিংসটি খেলেন। এছাড়া ফয়সাল হোসেন ৫১ ও সগীর হোসেন ৪৪ রান করেন।
ডি এলগার তিনটি উইকেট নেন, ৬৮ রানে। এছাড়া ভি ফিলান্দার ও টি সাবালালা দু'টি করে উইকেট নিয়ে স্বাগতিকদের পরাজয় নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৯১০ ঘ.
bdnews24